‏ 1 Chronicles 13

নিয়ম-সিন্দুকটি ফিরিয়ে আনা হয়

1দাউদ তাঁর কর্মকর্তা, সহস্র-সেনাপতি ও শত-সেনাপতিদের মধ্যে এক একজনের সাথে শলাপরামর্শ করলেন। 2পরে তিনি ইস্রায়েলের সমগ্র জনসমাবেশকে উদ্দেশ্য করে বললেন, “যদি তোমাদের ভালো বোধ হয় ও যদি তা আমাদের ঈশ্বর সদাপ্রভুর ইচ্ছা হয়, তবে এসো, আমরা দূর দূর পর্যন্ত ইস্রায়েলের সমস্ত এলাকায় বসবাসকারী আমাদের অবশিষ্ট লোকজনের কাছে, এবং তাদের নগরগুলিতে ও সেখানকার চারণক্ষেত্রগুলিতে যারা তাদের সাথে আছেন, সেই যাজক ও লেবীয়দের কাছে খবর পাঠিয়ে দিই, যেন তারা এসে আমাদের সাথে মিলিত হন। 3এসো, আমাদের ঈশ্বরের নিয়ম-সিন্দুকটি নিজেদের কাছে ফিরিয়ে আনি, কারণ শৌলের রাজত্বকালে আমরা সেটির
অথবা, “তাঁর”
কোনও খোঁজখবর নিইনি।
অথবা, “আমরা সেটিকে (তাঁকে) তুচ্ছজ্ঞান করলাম”
4সমগ্র জনসমাবেশ এতে একমত হল, কারণ সব লোকজনের কাছে একথাটি ঠিক বলে মনে হল।

5অতএব দাউদ কিরিয়ৎ-যিয়ারীম থেকে ঈশ্বরের নিয়ম-সিন্দুকটি আনার জন্য মিশরে অবস্থিত সীহোর নদী থেকে শুরু করে লেবো-হমাৎ
অথবা, “হমাতের প্রবেশস্থান”
পর্যন্ত বিস্তৃত এলাকায় বসবাসকারী ইস্রায়েলীদের সবাইকে একত্রিত করলেন।
6দাউদ ও ইস্রায়েলীরা সবাই যিহূদা দেশের বালা (কিরিয়ৎ-যিয়ারীম) থেকে দুই করূবের মাঝে বিরাজমান সদাপ্রভু ঈশ্বরের সেই নিয়ম-সিন্দুকটি নিয়ে আসার জন্য সেখানে গেলেন—যে সিন্দুকটি তাঁরই নামে পরিচিত।

7তারা ঈশ্বরের নিয়ম-সিন্দুকটি একটি নতুন গাড়িতে চাপিয়ে অবীনাদবের বাড়ি থেকে বের করলেন, এবং উষ ও অহিয়ো গাড়িটি চালাচ্ছিল। 8গান গেয়ে এবং বীণা, খঞ্জনি, তবলা, সুরবাহার ও করতাল বাজিয়ে দাউদ ও ইস্রায়েলীরা সবাই সর্বশক্তি দিয়ে ঈশ্বরের সামনে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন।

9তারা যখন কীদোনের খামারে গিয়ে পৌঁছেছিলেন, তখন নিয়ম-সিন্দুকটি সামলানোর জন্য উষ নিজের হাত বাড়িয়ে দিয়েছিল, কারণ বলদগুলি হোঁচট খেয়েছিল। 10উষের বিরুদ্ধে সদাপ্রভু ক্রোধে জ্বলে উঠেছিলেন, এবং তিনি তাকে মেরে ফেলেছিলেন, যেহেতু সে সেই নিয়ম-সিন্দুকে হাত দিয়েছিল। অতএব সে সদাপ্রভুর সামনে মারা গেল।

11সদাপ্রভুর ক্রোধ উষের উপর ফেটে পড়তে দেখে দাউদ তখন ক্রুদ্ধ হলেন, এবং আজও পর্যন্ত সেই স্থানটিকে পেরস-উষ
“পেরস-উষ” কথাটির অর্থ “উষের বিরুদ্ধে নেমে আসা ক্রোধ”
বলে ডাকা হয়।

12সেদিন দাউদ সদাপ্রভুর ভয়ে ভীত হয়ে প্রশ্ন করলেন, “কীভাবে তবে আমি ঈশ্বরের নিয়ম-সিন্দুকটিকে আমার কাছে নিয়ে আসব?” 13নিয়ম-সিন্দুকটিকে তিনি দাউদ-নগরে, নিজের কাছে নিয়ে আসেননি। তার পরিবর্তে তিনি সেটি গাতীয় ওবেদ-ইদোমের বাড়িতে এনে রেখেছিলেন। 14ওবেদ-ইদোমের বাড়িতে, তার পরিবারের কাছেই নিয়ম-সিন্দুকটি তিন মাস ধরে রাখা ছিল, এবং সদাপ্রভু তার পরিবারকে ও তার যা যা ছিল, সবকিছুকে আশীর্বাদ করলেন।
Copyright information for BenBSS