Ecclesiastes 1
সবকিছুই অসার
1উপদেশকের কথা; তিনি দাউদের ছেলে, জেরুশালেমের রাজা: 2উপদেশক বলেন,“অসার! অসার!
অসারের অসার!
সকলই অসার।”
3সূর্যের নিচে মানুষ যে পরিশ্রম করে
সেইসব পরিশ্রমে তার কী লাভ?
4এক পুরুষ চলে যায় এবং আর এক পুরুষ আসে,
কিন্তু পৃথিবী চিরকাল থাকে।
5সূর্য ওঠে এবং সূর্য অস্ত যায়,
আর তাড়াতাড়ি নিজের জায়গায় ফিরে যায়।
6বাতাস দক্ষিণ দিকে বয়
তারপর ঘুরে যায় উত্তরে;
এইভাবে সেটা ঘুরতে থাকে,
আর নিজের পথে ফিরে আসে।
7সমস্ত নদী সাগরে গিয়ে পড়ে,
তবুও সাগর কখনও পূর্ণ হয় না।
যেখান থেকে সব নদী বের হয়ে আসে,
আবার সেখানেই তার জল ফিরে যায়।
8সবকিছুই ক্লান্তিকর,
এত যে বলা যায় না।
যথেষ্ট দেখে চোখ তৃপ্ত হয় না,
কিংবা কান শুনে তৃপ্ত হয় না।
9যা হয়ে গেছে তা আবার হবে,
যা করা হয়েছে তা আবার করা হবে,
সূর্যের নিচে নতুন কিছুই নেই।
10এমন কিছু কি আছে যার বিষয়ে লোকে বলবে,
“দেখো! এটি নতুন”?
ওটি অনেক দিন আগে থেকেই ছিল;
আমাদের কালের আগেই ছিল।
11আগেকার কালের লোকদের বিষয় কেউ মনে রাখে না,
যারা ভবিষ্যতে আসবে তাদের কথাও
মনে রাখবে না
যারা তাদের পরে আসবে।
জ্ঞান অসার
12আমি, উপদেশক, জেরুশালেমে ইস্রায়েলের উপরে রাজা ছিলাম। 13আকাশের নিচে যা কিছু করা হয় তা জ্ঞান দ্বারা পরীক্ষা ও খোঁজ করতে মনোযোগ করলাম। ঈশ্বর মানুষের উপরে কী ভারী কষ্ট চাপিয়ে দিয়েছেন! 14সূর্যের নিচে যা কিছু হয় তা সবই আমি দেখেছি; সে সকলই অসার, কেবল বাতাসের পিছনে দৌড়ানো। 15যা বাঁকা তা সোজা করা যায় না;যা অসম্পূর্ণ তা গণনা করা যায় না।
16আমি মনে মনে বললাম, “দেখো, আমার আগে যারা জেরুশালেমে রাজত্ব করে গেছেন তাদের সকলের চেয়ে আমি প্রজ্ঞায় অনেক বৃদ্ধিলাভ করেছি; আমার অনেক প্রজ্ঞা ও বিদ্যা অভিজ্ঞতা লাভ হয়েছে।” 17তারপর আমি প্রজ্ঞা এবং উন্মত্ততা ও মূর্খতা বুঝবার চেষ্টা করলাম, কিন্তু আমি বুঝতে পারলাম যে তাও বাতাসের পিছনে দৌড়ানো। 18কারণ প্রজ্ঞা বাড়লে তার সঙ্গে দুঃখও বৃদ্ধি পায়;
যত বেশি বিদ্যা, তত বেশি বিষাদ।
Copyright information for
BenBSS