‏ Ecclesiastes 7

প্রজ্ঞা

1ভালো সুগন্ধির চেয়ে সুনাম ভালো,
জন্মের দিনের চেয়ে মৃত্যুর দিন ভালো।
2ভোজের বাড়ি যাওয়ার চেয়ে
শোকের বাড়ি যাওয়া ভালো,
কারণ সকলেরই নিয়তি হল মৃত্যু;
জীবিতদের এই কথা মনে রাখা উচিত।
3আনন্দ করার চেয়ে কষ্টভোগ করা ভালো,
কারণ মুখের বিষণ্ণতা হৃদয়ের জন্য ভালো।
4জ্ঞানবানদের হৃদয় শোকের বাড়িতে থাকে,
কিন্তু বোকাদের হৃদয় আমোদের বাড়িতে থাকে।
5বোকাদের গান শোনার চেয়ে
জ্ঞানী লোকের বকুনি শোনা ভালো।
6যেমন হাঁড়ির নিচে কাঁটার শব্দ,
বোকাদের হাসিও ঠিক তেমনি।
এটাও অসার।

7জ্ঞানী লোক যদি জুলুম করে সে বোকা হয়ে যায়,
আর ঘুস হৃদয় নষ্ট করে।

8কোনো কাজের শুরুর চেয়ে শেষ ভালো,
আর অহংকারের চেয়ে ধৈর্য ভালো।
9তোমার অন্তরকে তাড়াতাড়ি রেগে উঠতে দিয়ো না,
কারণ ক্রোধ বোকাদেরই কোলে বাস করে।

10বোলো না যে, “এখনকার চেয়ে আগেকার কাল কেন ভালো ছিল?”
কারণ এই প্রশ্ন করা বুদ্ধিমানের কাজ নয়।

11প্রজ্ঞা, উত্তরাধিকারের মতো, যা ভালো
এবং যারা সূর্য দেখে
যারা জীবিত
তাদের উপকার করে।
12প্রজ্ঞা এক আশ্রয়স্থল
যেমন অর্থও এক আশ্রয়স্থল,
কিন্তু জ্ঞানের সুবিধা হল এই যে
প্রজ্ঞা তার অধিকারীর জীবন রক্ষা করে।

13ঈশ্বরের কাজ ভেবে দেখো তিনি যা বাঁকা করেছেন
কে তা সোজা করতে পারে?
14যখন সুখের সময়, তখন সুখী হও;
কিন্তু যখন দুঃখের সময়, এই কথা ভেবে দেখো
ঈশ্বর একটি সৃষ্টি করেছেন
পাশাপাশি আরেকটিও করেছেন।
কিন্তু, কেউ আবিষ্কার করতে পারবে না
তাদের ভবিষ্যতের কিছুই।

15আমার এই অসার জীবনকালে আমি এই দুটোই দেখেছি কোনো ধার্মিক লোক নিজের ধার্মিকতায় ধ্বংস হয়,
এবং কোনো দুষ্টলোক নিজের দুষ্টতায় অনেক দিন পর্যন্ত বেঁচে থাকে।
16অতি ধার্মিক হোয়ো না,
কিংবা অতি জ্ঞানবান হোয়ো না—
কেন নিজেকে ধ্বংস করবে?
17অতি দুষ্ট হোয়ো না,
আর বোকামিও কোরো না—
কেন তুমি অসময়ে মারা যাবে?
18একটি ধরে রাখা
আর অন্যটা না ছাড়া ভালো।
যে ঈশ্বরকে ভয় করে সে কোনো কিছুই অতিরিক্ত করে না।

19প্রজ্ঞা একজন জ্ঞানবান লোককে
নগরের দশজন শাসকের থেকে বেশি শক্তিশালী করে।

20বাস্তবিক, পৃথিবীতে একজনও ধার্মিক নেই,
কেউ নেই যে সঠিক কাজ করে এবং কখনও পাপ করে না।

21লোকে যা বলে তার সব কথায় কান দিয়ো না,
হয়তো শুনবে যে, তোমার চাকর তোমাকে অভিশাপ দিচ্ছে—
22কারণ তুমি তোমার নিজের হৃদয় জানো
অনেকবার তুমি নিজেই অন্যকে অভিশাপ দিয়েছ।

23এসব আমি প্রজ্ঞা দিয়ে পরীক্ষা করে দেখে বললাম, “আমি জ্ঞানী হবই হব”—
কিন্তু তা আমার নাগালের বাইরে।
24যা কিছু আছে তা দূরে আছে এবং খুবই গভীরে—
কে তা খুঁজে পেতে পারে?
25সেইজন্য বুঝবার জন্য আমি আমার মনস্থির করলাম,
যাতে প্রজ্ঞা ও সবকিছুর পিছনে যে পরিকল্পনা আছে তা জানতে পারি
আর বুঝতে পারি দুষ্টতার বোকামি
আর মূর্খতার উন্মত্ততা।

26আমি দেখলাম মৃত্যুর চেয়েও তেতো
হল সেই স্ত্রীলোক যে একটি ফাঁদ,
তার হৃদয় একটি জাল
এবং তার হাত হল শিকল।
যে লোক ঈশ্বরকে সন্তুষ্ট করে সে তা থেকে রক্ষা পাবে,
কিন্তু পাপীকে সে ফাঁদে ফেলবে।

27উপদেশক বলছেন, “দেখো, আমি এটি আবিষ্কার করেছি “সব জিনিসের পরিকল্পনা আবিষ্কার করার জন্য একটির সঙ্গে একটি যোগ করে—
28যখন আমি তখনও খুঁজছিলাম
কিন্তু পাচ্ছিলাম না—
আমি হাজার জনের মধ্যে একজন খাঁটি পুরুষকে পেলাম,
কিন্তু তাদের মধ্যে একজন স্ত্রীলোককেও খাঁটি দেখতে পাইনি।
29আমি কেবল এই জানতে পারলাম যে
ঈশ্বর মানুষকে খাঁটিই তৈরি করেছিলেন,
কিন্তু তারা অনেক কল্পনার অন্বেষণ করেছে।”
Copyright information for BenBSS