‏ Ezekiel 18

যে পাপ করে সে মরবে

1সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল: 2“ইস্রায়েল দেশ সম্বন্ধে প্রচলিত প্রবাদটি উদ্ধৃত করার দ্বারা লোকেরা কী অর্থ প্রকাশ করে: “ ‘বাবারা টক আঙুর খেয়েছিলেন,
আর সন্তানদের দাঁত টকে গেছে’?

3“আমার জীবনের দিব্য, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, তোমরা এই প্রবাদ ইস্রায়েলে আর বলবে না। 4জীবিত সব লোকই আমার, বাবা ও সন্তান উভয়ই আমার। যে পাপ করবে সেই মরবে। 5“মনে করো, একজন ধার্মিক লোক আছে
যে ন্যায় ও ঠিক কাজ করে।
6সে পাহাড়ের উপরের কোনো পূজার স্থানে খাওয়াদাওয়া করে না
কিংবা ইস্রায়েলীদের কোনো প্রতিমার পূজা করে না।
সে তার প্রতিবেশীর স্ত্রীকে কলুষিত করে না
কিংবা ঋতুমতী স্ত্রীলোকের সঙ্গে মিলিত হয় না।
7সে কারও উপরে অত্যাচার করে না, বরং
ঋণীকে বন্ধকি জিনিস ফিরিয়ে দেয়।
সে চুরি করে না
কিন্তু যাদের খিদে পেয়েছে তাদের খাবার দেয়
এবং উলঙ্গদের কাপড় দেয়।
8সে সুদে টাকা ধার দেয় না
কিংবা বাড়তি সুদ নেয় না।
সে অন্যায় করা থেকে হাত সরিয়ে রাখে
ও লোকদের মধ্যে ন্যায়ভাবে বিচার করে।
9সে আমার নিয়মকানুন মেনে চলে
ও বিশ্বস্তভাবে আমার বিধান পালন করে।
সেই লোক ধার্মিক;
সে নিশ্চয় বাঁচবে,
এই কথা সার্বভৌম সদাপ্রভু বলেন।

10“মনে করো যদি সেই লোকের এক হিংস্র ছেলে আছে, যে রক্তপাত করে অথবা এগুলির মধ্যে যে কোনও একটি করে 11(যদিও তার বাবা এর কোনোটিই করেনি), “সে পাহাড়ের উপরের পূজার স্থানগুলিতে খাওয়াদাওয়া করে।
সে তার প্রতিবেশীর স্ত্রীকে কলুষিত করে।
12সে গরিব ও অভাবীদের উপর অত্যাচার করে।
সে চুরি করে।
সে বন্ধকি জিনিস ফিরিয়ে দেয় না।
সে মূর্তির প্রতি দৃষ্টিপাত করে।
সে ঘৃণ্য কাজ করে।
13সে সুদে টাকা ধার দেয় ও বাড়তি সুদ নেয়।

সেই লোক কি বাঁচবে? সে বাঁচবে না! কারণ সে এসব ঘৃণ্য কাজ করেছে, সে মরবেই মরবে এবং তার মৃত্যুর জন্য সে নিজেই দায়ী হবে।

14“কিন্তু মনে করো এই ছেলের একটি ছেলে আছে যে তার বাবাকে এসব পাপ করতে দেখেছে, এবং যদিও সেসব দেখেও সে তা করে না: 15“সে পাহাড়ের উপরের পূজার স্থানগুলিতে খাওয়াদাওয়া করে না
কিংবা ইস্রায়েলীদের কোনও প্রতিমার পূজা করে না।
সে তার প্রতিবেশীর স্ত্রীকে কলুষিত করে না।
16সে কারও উপরে অত্যাচার করে না
কিংবা ঋণীকে বন্ধকি জিনিস ফিরিয়ে দেয়।
সে চুরি করে না
কিন্তু যাদের খিদে পেয়েছে তাদের খাবার দেয়
এবং উলঙ্গদের কাপড় দেয়।
17সে গরিবদের প্রতি খারাপ ব্যবহার করা থেকে বিরত থাকে
এবং সে সুদে টাকা ধার দেয় না কিংবা বাড়তি সুদ নেয় না।
সে আমার নিয়মকানুন মেনে চলে ও আমার বিধান পালন করে।

সে তার বাবার পাপের জন্য মরবে না; সে নিশ্চয় বাঁচবে।
18কিন্তু তার বাবা নিজের পাপের জন্য মরবে, কারণ সে জোর করে টাকা আদায় করত, ভাইয়ের জিনিস চুরি করত এবং তার লোকদের মধ্যে অন্যায় কাজ করত।

19“তবুও তোমরা বলছ, ‘বাবার দোষের জন্য কেন ছেলে শাস্তি পাবে না?’ যেহেতু সেই ছেলে তো ন্যায় ও ঠিক কাজ করেছে এবং যত্নের সঙ্গে আমার নিয়ম পালন করেছে, তাই সে নিশ্চয় বাঁচবে। 20যে পাপ করবে সেই মরবে। ছেলে বাবার দোষের জন্য শাস্তি পাবে না আর বাবাও ছেলের দোষের জন্য শাস্তি পাবে না। ধার্মিক ধার্মিকতার ফল পাবে আর দুষ্ট দুষ্টতার ফল পাবে।

21“কিন্তু যদি একজন দুষ্টলোক তার সব পাপ থেকে ফিরে আমার নিয়ম সকল পালন করে আর ন্যায় ও ঠিক কাজ করে তবে সে নিশ্চয়ই বাঁচবে; সে মরবে না। 22যে সকল অপরাধ সে আগে করেছে তার কোনটাই মনে রাখা হবে না। তার ধার্মিক আচরণের জন্য, সে বাঁচবে। 23দুষ্টলোকের মরণে কি আমি খুশি হই? এই কথা সার্বভৌম সদাপ্রভু বলেন। বরং তারা তাদের কুপথ থেকে ফিরে বাঁচে, এতে কি আমি খুশি হই না?

24“কিন্তু যদি একজন ধার্মিক লোক নিজের ধার্মিকতা থেকে ফিরে পাপ করে এবং সেই একই ঘৃণ্য কাজ করে যা দুষ্টলোক করে, তবে সে কি বাঁচবে? তার সব ধার্মিকতার কাজ যা সে আগে করেছে তা মনে রাখা হবে না। কারণ তার অবিশ্বস্ততার জন্য সে দোষী এবং যে পাপ সে করেছে, তার জন্য সে মরবে।

25“তবুও তোমরা বলছ, ‘প্রভুর পথ ঠিক নয়।’ হে ইস্রায়েল কুল, শোনো, আমার পথ কি অন্যায়ের? তোমাদের পথ কি অন্যায়ের না? 26যদি একজন ধার্মিক লোক নিজের ধার্মিকতা থেকে ফিরে পাপ করে, সে তার জন্য মরবে; কারণ যে পাপ সে করেছে, সে মরবে। 27কিন্তু যদি একজন দুষ্টলোক তার দুষ্টতা থেকে ফেরে এবং যা ন্যায্য ও সঠিক তাই করে, সে তার জীবন রক্ষা করবে। 28যেহেতু সে তার অপরাধের বিষয় বিবেচনা করে তার থেকে ফিরেছে, সে নিশ্চয়ই বাঁচবে; সে মরবে না। 29অথচ ইস্রায়েল কুল বলছে, ‘প্রভুর পথ ঠিক নয়।’ হে ইস্রায়েল কুল, আমার পথ কি সঠিক নয়? তোমাদের পথ কি অন্যায়ের নয়?

30“অতএব, হে ইস্রায়েল কুল, আমি তোমাদের প্রত্যেকের আচার-ব্যবহার অনুসারে বিচার করব, এই কথা সার্বভৌম সদাপ্রভু বলেন। মন ফেরাও! তোমাদের অপরাধ থেকে ফেরো; তাহলে পাপ তোমাদের পতনের কারণ হবে না। 31তোমাদের সমস্ত অন্যায় তোমাদের নিজেদের মধ্য থেকে দূর করো এবং তোমাদের অন্তর ও মন নতুন করে গড়ে তোলো। হে ইস্রায়েল কুল, তুমি কেন মরবে? 32কারণ আমি কারোর মৃত্যুতে খুশি হই না, এই কথা সার্বভৌম সদাপ্রভু বলেন। মন ফেরাও এবং বাঁচো!
Copyright information for BenBSS