Isaiah 35
উদ্ধারপ্রাপ্ত লোকেদের আনন্দ
1সেদিন মরুভূমি ও শুকনো জমি হবে আনন্দিত;মরুপ্রান্তর উল্লসিত হবে এবং
বসন্তের প্রথম ফুল সেখানে প্রস্ফুটিত হবে। 2হ্যাঁ, সেখানে ফুলের প্রাচুর্য হবে,
তা ভীষণভাবে উল্লসিত হয়ে আনন্দে চিৎকার করবে।
তাকে দেওয়া হবে লেবাননের প্রতাপ,
দেওয়া হবে কর্মিল ও শারোণের শোভা;
তারা সদাপ্রভুর মহিমা দেখতে পাবে,
তারা দেখবে আমাদের ঈশ্বরের সৌন্দর্য।
3যাদের দুর্বল হস্ত, তাদের সবল করো,
যাদের হাঁটু দুর্বল, তাদের সুস্থির করো।
4যাদের হৃদয় ভয়ে ভীত, তাদের বলো,
“সবল হও, ভয় কোরো না;
তোমাদের ঈশ্বর আসবেন,
তিনি প্রতিশোধ গ্রহণের জন্য আসবেন;
তিনি তোমাদের উদ্ধার করার জন্য
তাদের প্রাপ্য শাস্তি দিতে আসবেন।”
5তখন অন্ধদের চোখ খুলে যাবে,
বধিরদের কান আর বন্ধ থাকবে না।
6সেই সময় খঞ্জেরা হরিণের মতো লাফ দেবে
এবং বোবাদের জিভ আনন্দে চিৎকার করবে।
জল তোড়ে বেরিয়ে আসবে প্রান্তর থেকে
এবং জলপ্রবাহ মরুভূমি থেকে।
7তপ্ত বালুকা পুকুরের মতো হবে,
তৃষিত ভূমি হবে উচ্ছলিত ফোয়ারার মতো।
যে আস্তানায় একদিন শিয়ালরা শুয়ে থাকত,
সেখানে উৎপন্ন হবে ঘাস ও নলখাগড়া।
8সেখানে প্রস্তুত হবে এক রাজপথ;
সেই পথকে বলা হবে, “পবিত্রতার সরণি।”
কোনো অশুচি মানুষ সেই পথে যাবে না;
যারা ঈশ্বরের পথে চলে, এ পথ হবে কেবলমাত্র তাদের জন্য;
দুষ্ট ও মূর্খেরা সেই পথ অতিক্রম করবে না।
9সেখানে কোনো সিংহ থাকবে না,
কোনো হিংস্র জন্তুও সেই পথে হাঁটবে না,
তাদের সেখানে দেখাই যাবে না।
কেবলমাত্র মুক্তিপ্রাপ্ত লোকেরাই সেই পথে চলবে,
10আর মুক্তিপণ দেওয়া সদাপ্রভুর লোকেরা প্রত্যাবর্তন করবে।
তারা গান গাইতে গাইতে সিয়োনে প্রবেশ করবে;
তাদের মাথায় থাকবে চিরস্থায়ী আনন্দ-মুকুট।
আমোদ ও আনন্দে তারা প্লাবিত হবে,
দুঃখ ও দীর্ঘশ্বাস দূরে পলায়ন করবে।
Copyright information for
BenBSS