Job 17
1আমার আত্মা ভেঙে খানখান হয়ে গিয়েছে,আমার আয়ুর দিনগুলি সংক্ষিপ্ত করা হয়েছে,
কবর আমার জন্য অপেক্ষা করে আছে।
2বিদ্রুপকারীরা নিশ্চয় আমাকে ঘিরে ধরেছে;
তাদের বিরোধিতা আমি চাক্ষুষ দেখতে পাচ্ছি।
3“হে ঈশ্বর, আমার কাছে অঙ্গীকার করো।
আর কে-ই বা আমার জন্য জামিনদার হবে?
4তুমি তাদের বুদ্ধি-বিবেচনা লোপ পেতে দিয়েছ;
তাই তুমি তাদের জয়লাভ করতে দেবে না।
5যদি কেউ পুরস্কার লাভের আশায় তাদের বন্ধুদের নিন্দা করে,
তবে তাদের সন্তানদের চোখ নিষ্প্রভ হয়ে যাবে।
6“ঈশ্বর সকলের কাছে আমাকে নিন্দার এক পাত্রে পরিণত করেছেন,
আমি এমন এক মানুষ যার মুখে সবাই থুতু দেয়।
7বিষাদে আমার চোখ অস্পষ্ট হয়ে গিয়েছে;
আমার সমগ্র শরীর নিছক এক ছায়ামাত্র।
8ন্যায়পরায়ণ লোকেরা তা দেখে হতভম্ব হয়ে যায়;
নিরীহ লোকেরা অধার্মিকদের বিরুদ্ধে সক্রিয় হয়ে ওঠে।
9তা সত্ত্বেও, ধার্মিকেরা নিজেদের পথ ধরে এগিয়ে যাবে,
ও যাদের হাত শুচিশুদ্ধ, তারা ক্রমাগত শক্তিশালী হয়েই যাবে।
10“কিন্তু তোমরা সবাই এসো, আবার চেষ্টা করো!
আমি তোমাদের মধ্যে কাউকেই জ্ঞানবান দেখছি না।
11আমার দিন শেষ হয়েছে, আমার পরিকল্পনাগুলি ভেঙে খানখান হয়ে গিয়েছে।
তবুও আমার হৃদয়ের বাসনাগুলি
12রাতকে দিনে পরিণত করে;
অন্ধকার সরাসরি আলোর কাছে চলে আসে।
13যদি কবরকেই আমি আমার একমাত্র ঘর বলে ধরে নিই,
যদি অন্ধকারের রাজত্বেই আমি আমার বিছানা পাতি,
14যদি দুর্নীতিকে আমি বলি, ‘তুমি আমার বাবা,’
ও পোকামাকড়কে বলি, ‘তুমি আমার মা’ বা ‘আমার বোন,’
15তবে কোথায় আমার আশা—
আমার আশা কে দেখতে পাবে?
16তা কি মৃত্যুদুয়ারে নেমে যাবে?
আমরা সবাই কি একসাথে ধুলোয় মিশে যাব?”
Copyright information for
BenBSS