‏ Job 34

1পরে ইলীহূ বললেন: 2“হে জ্ঞানীগুণীরা, আমার কথা শুনুন;
হে পণ্ডিত ব্যক্তিরা, আমার কথায় কর্ণপাত করুন।
3জিভ যেভাবে খাদ্যের স্বাদ যাচাই করে
কানও সেভাবে কথার পরীক্ষা করে।
4আসুন, যা ন্যায্য আমরা তা আমাদের জন্য ঠিক করে নিই;
আসুন, যা ভালো আমরা তা একসাথে শিখে নিই।

5“ইয়োব বলছেন, ‘আমি নির্দোষ,
কিন্তু ঈশ্বর আমার প্রতি ন্যায়বিচার করেননি।
6আমি যদিও ন্যায়বান,
তাও আমাকে মিথ্যাবাদীরূপে গণ্য করা হয়েছে;
আমি যদিও নিরপরাধ,
তাও তাঁর তির এক দুরারোগ্য আঘাত দিয়েছে।’
7ইয়োবের মতো আর কেউ কি আছেন,
যিনি জলের মতো অবজ্ঞা পান করেন?
8তিনি দুর্বৃত্তদের সঙ্গ দেন;
তিনি দুর্জনদের সহযোগী হন।
9কারণ তিনি বলেছেন, ‘ঈশ্বরকে সন্তুষ্ট করার চেষ্টা করে
কোনও লাভ নেই।’

10“তাই হে বিচারবুদ্ধিসম্পন্ন মানুষেরা, আমার কথা শুনুন।
এ হতেই পারে না যে ঈশ্বর অমঙ্গল করবেন,
সর্বশক্তিমান অন্যায় করবেন।
11মানুষের কর্মের ফলই তিনি প্রত্যেককে দেন;
তাদের আচরণ অনুসারে তাদের যা প্রাপ্য তিনি তাদের তাই দেন।
12চিন্তাও করা যায় না যে ঈশ্বর অন্যায় করবেন,
সর্বশক্তিমান ন্যায়বিচার বিকৃত করবেন।
13পৃথিবীর উপরে কে তাঁকে নিযুক্ত করেছে?
সমগ্র জগতের দায়িত্ব কে তাঁর হাতে সঁপে দিয়েছে?
14যদি তাঁর ইচ্ছা হত
এবং তিনি তাঁর আত্মা ও শ্বাসবায়ু ফিরিয়ে নিতেন,
15তবে সমগ্র মানবজাতি একসাথে ধ্বংস হয়ে যেত
ও মানবসমাজ ধুলোতে ফিরে যেত।

16“আপনার যদি বোধশক্তি থাকে, তবে শুনুন;
আমি যা বলছি তাতে কর্ণপাত করুন।
17যে ন্যায়বিচার ঘৃণা করে সে কি শাসন করবে?
আপনি কি ন্যায়পরায়ণ ও পরাক্রমী ব্যক্তিকে দোষী সাব্যস্ত করবেন?
18তিনিই কি সেই ব্যক্তি নন, যিনি রাজাদের বলেন, ‘তোমরা অপদার্থ,’
ও অভিজাত লোকজনকে বলেন, ‘তোমরা দুষ্ট,’
19যিনি রাজপুরুষদের প্রতি পক্ষপাতিত্ব দেখান না
এবং দরিদ্রদের তুলনায় ধনীদের বেশি প্রশ্রয় দেন না,
কারণ তারা সবাই তাঁরই হাতের কর্ম?
20এক পলকে, মাঝরাতেই তাদের মৃত্যু হয়;
মানুষজন প্রকম্পিত হয় ও তারা মারা যায়;
পরাক্রমীরা মানুষের হস্তক্ষেপ ছাড়াই অপসারিত হয়।

21“নশ্বর মানুষের পথের প্রতি তাঁর দৃষ্টি আছে;
তিনি তাদের প্রত্যেকটি পদক্ষেপ লক্ষ্য করেন।
22এমন কোনও গভীর অন্ধকার, গাঢ় ছায়া নেই,
যেখানে দুর্বৃত্তেরা গিয়ে লুকাতে পারে।
23ঈশ্বরকে আর মানুষের পরীক্ষা করতে হবে না,
যেন বিচারিত হওয়ার জন্য তাদের তাঁর সামনে আসতে হয়।
24বিনা তদন্তে তিনি পরাক্রমীদের চূর্ণবিচূর্ণ করেন
ও তাদের স্থানে তিনি অন্যদের নিযুক্ত করেন।
25কারণ তিনি তাদের কাজকর্ম লক্ষ্য করেন,
রাতারাতি তিনি তাদের উৎখাত করেন ও তারা চূর্ণ হয়।
26তাদের দুষ্টতার জন্য তিনি এমন এক স্থানে তাদের দণ্ড দেন
যেখানে সবাই তাদের দেখতে পায়,
27কারণ তারা তাঁর অনুগমন করা থেকে ফিরে গিয়েছে
ও তাঁর কোনো পথের প্রতি তাদের মনে কোনো কদর নেই।
28তাদের কারণে দরিদ্রদের আর্তনাদ তাঁর কাছে পৌঁছেছে,
ও অভাবগ্রস্তদের কান্না তিনি শুনে ফেলেছেন।
29কিন্তু তিনি যদি নীরব থাকেন, কে তাঁকে দোষী সাব্যস্ত করবে?
তিনি যদি তাঁর মুখ ঢেকে রাখেন, কে তাঁকে দেখতে পাবে?
তবুও তিনি ব্যক্তিবিশেষ ও জাতি উভয়ের উপরেই বিরাজমান,
30যেন অধার্মিকেরা শাসন করতে না পারে,
ও প্রজাদের জন্য ফাঁদ বিছাতে না পারে।

31“ধরুন কেউ ঈশ্বরকে বলছে,
‘আমি দোষী কিন্তু আমি আর অপরাধ করব না।
32আমি যা দেখতে পাই না তা আমাকে শিক্ষা দাও;
আমি যদি অন্যায় করে থাকি, তবে আমি আর তা করব না।’
33যখন আপনি অনুতাপ করতে রাজি হচ্ছেন না
তখন ঈশ্বর কি আপনার শর্তে আপনাকে পুরস্কৃত করবেন?
আমাকে নয়, আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে;
তাই বলুন আপনি কী জানেন।

34“বিচারবুদ্ধিসম্পন্ন মানুষেরা ঘোষণা করবেন,
যারা আমার কথা শুনেছেন সেই জ্ঞানবানেরা আমায় বলবেন,
35‘ইয়োব অজ্ঞের মতো কথা বলছেন;
তাঁর কথায় অন্তর্দৃষ্টির অভাব আছে।’
36ওহো, একজন দুষ্টলোকের মতো উত্তর দেওয়ার জন্য
যদি ইয়োবের চরম পরীক্ষা নেওয়া যেত!
37তাঁর পাপে তিনি বিদ্রোহও যোগ করেছেন;
ঘৃণাপূর্ণভাবে তিনি আমাদের মধ্যে হাততালি দিয়েছেন
ও ঈশ্বরের বিরুদ্ধে অনেক কথা বলেছেন।”
Copyright information for BenBSS