‏ Lamentations 3

1আমিই সেই ব্যক্তি, যে সদাপ্রভুর ক্রোধের দণ্ড দ্বারা কৃত
দুঃখকষ্ট দেখেছে।
2তিনি আমাকে তাড়িয়ে নিয়ে গেছেন এবং আলোতে নয়
অন্ধকারে গমন করিয়েছেন;
3সত্যিই, তিনি সমস্ত দিন, বারংবার
আমার বিরুদ্ধে তাঁর হাত তুলেছেন।

4তিনি আমার চামড়া ও আমার মাংস জীর্ণ হতে দিয়েছেন,
তিনি আমার হাড়গুলি ভেঙে ফেলেছেন।
5তিনি তিক্ততা ও দুর্দশা দিয়ে
আমাকে অবরুদ্ধ করেছেন ও ঘিরে ধরেছেন।
6যারা অনেক দিন আগে মারা গেছে,
তাদের মতো তিনি আমাকে অন্ধকারে বসতি করান।

7তিনি আমার চারপাশে বেড়া দিয়েছেন,
যেন আমি পালাতে না পারি;
তিনি শিকল দিয়ে আমাকে ভারাক্রান্ত করেছেন।
8এমনকি, যখন আমি সাহায্যের জন্য তাঁকে ডাকি বা কাঁদি,
তিনি আমার প্রার্থনা শোনেন না।
9বিশাল সব পাথর দিয়ে তিনি আমার পথ অবরুদ্ধ করেছেন,
তিনি আমার সব পথ বাঁকা করেছেন।

10ভালুক যেমন লুকিয়ে ওৎ পাতে,
যেভাবে সিংহ গোপনে লুকিয়ে থাকে,
11সেইভাবে তিনি আমাকে পথ থেকে টেনে এনে খণ্ডবিখণ্ড করেছেন
এবং আমাকে সহায়হীন করেছেন।
12তিনি তাঁর ধনুকে চাড়া দিয়েছেন,
এবং আমাকে তাঁর তিরগুলির লক্ষ্যবস্তু করেছেন।

13তাঁর তূণের তির দিয়ে তিনি
বিদ্ধ করেছেন আমার হৃদয়।
14আমার সব লোকজনদের কাছে আমি হাসির খোরাক হয়েছি;
তারা সারাদিন আমাকে নিয়ে বিদ্রুপাত্মক গান গায়।
15তিনি আমাকে তিক্ততায় পূর্ণ করেছেন,
এবং পান করার জন্য আমাকে এক বিষপূর্ণ পানপাত্র দিয়েছেন।

16তিনি কাঁকর দিয়ে আমার দাঁত ভেঙেছেন;
তিনি ধুলিতে আমাকে পদদলিত করেছেন।
17আমি শান্তি থেকে বঞ্চিত হয়েছি,
আমি ভুলে গিয়েছি সমৃদ্ধি কাকে বলে।
18তাই আমি বলি, “আমার জৌলুস শেষ হয়ে গেছে,
এবং সদাপ্রভুর কাছ থেকে আমার সব প্রত্যাশার অবসান হয়েছে।”

19আমি আমার কষ্ট ও অস্থির বিচরণ স্মরণ করি,
আমার তিক্ততা ও পিত্তের কথা।
20সেগুলি আমার ভালোভাবেই স্মরণে আছে,
এবং আমার প্রাণ আমারই মধ্যে অবসন্ন হয়েছে।
21তবুও আমি আবার একথা স্মরণ করি,
আর তাই আমার আশা জেগে আছে:

22সদাপ্রভুর মহৎ প্রেমের জন্য আমরা নষ্ট হইনি,
কেননা তাঁর সহানুভূতি কখনও শেষ হয় না।
23প্রতি প্রভাতে তা নতুন করে দেখা দেয়;
তোমার বিশ্বস্ততা মহৎ।
24আমি নিজেকে বলি, “সদাপ্রভু আমার অধিকার;
এজন্য আমি তাঁর প্রতীক্ষায় থাকব।”

25যারা সদাপ্রভুর উপরে তাদের আশা রাখে,
এবং যারা তাঁর অন্বেষণ করে,
তিনি তাদের পক্ষে মঙ্গলময়;
26সদাপ্রভুর পরিত্রাণের জন্য
শান্তভাবে অপেক্ষা করা ভালো।
27মানুষের যৌবনকালে
জোয়াল বহন করা উত্তম।

28নীরবে সে একা বসে থাকুক,
কেননা সেই জোয়াল সদাপ্রভু তার উপরে দিয়েছেন।
29সে ধুলোয় নিজের মুখ ঢেকে রাখুক—
হয়তো তখনও আশা থাকতে পারে।
30যে তাকে আঘাত করেছে, তার প্রতি সে গাল পেতে দিক,
এবং সে অপমানে পূর্ণ হোক।

31কারণ প্রভু মানুষকে
চিরকালের জন্য পরিত্যাগ করেন না।
32যদিও তিনি তাকে দুঃখ দেন, তাহলেও তিনি করুণা প্রদর্শন করবেন,
তাঁর অব্যর্থ ভালোবাসা এমনই মহান।
33কারণ তিনি ইচ্ছা করে মানবসন্তানদের
কষ্ট বা মনোদুঃখ দেন না।

34দেশের সব বন্দিকে যদি লোকেরা
পদতলে দলিত করে,
35পরাৎপর
পরাৎপর—যিনি সর্বোচ্চ স্থানে অবস্থান বা বসবাস করেন।
ঈশ্বরের সামনে যদি
মানুষকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে,
36তারা যদি ন্যায়বিচার না পায়—
তাহলে প্রভু কি এসব বিষয় দেখবেন না?

37প্রভু যদি অনুমতি না দেন
তাহলে কে কিছু বলে তা ঘটাতে পারে?
38পরাৎপর ঈশ্বরের মুখ থেকে কি
বিপর্যয় ও উত্তমতা দুই-ই নির্গত হয় না?
39তাহলে তাদের পাপের জন্য শাস্তি পেলে
জীবিত মানুষমাত্র কেন অভিযোগ করে?

40এসো আমরা নিজেদের জীবনাচরণ যাচাই ও পরীক্ষা করি,
আর এসো, আমরা সদাপ্রভুর পথে ফিরে যাই।
41এসো, আমরা স্বর্গের ঈশ্বরের উদ্দেশ্যে আমাদের হৃদয়
ও আমাদের হাতগুলি তুলে ধরি, এবং বলি:
42“আমরা পাপ করেছি ও বিদ্রোহী হয়েছি,
এবং তুমি আমাদের ক্ষমা করোনি।

43“তুমি ক্রোধে নিজেকে আচ্ছাদন করে আমাদের তাড়া করেছ;
কোনো মমতা ছাড়াই তুমি হত্যা করেছ।
44তুমি মেঘ দ্বারা নিজেকে ঢেকেছ,
ফলে কোনো প্রার্থনা তা ভেদ করতে পারে না।
45তুমি জাতিগণের মধ্যে আমাদের
আবর্জনা ও বর্জ্যপদার্থের মতো অবস্থা করেছ।

46“আমাদের সব শত্রু আমাদের বিরুদ্ধে
তাদের মুখ হাঁ করে খুলে আছে।
47আমরা ত্রাস ও ফাঁদ,
ধ্বংস ও বিনাশের মুখে পড়েছি।”
48আমার দু-চোখ দিয়ে অশ্রুধারা বয়ে যাচ্ছে
কেননা আমার লোকেরা ধ্বংস হয়ে যাচ্ছে।

49আমার অশ্রু অবিরাম বয়ে যায়,
তার কোনো উপশম হয় না,
50যতক্ষণ না সদাপ্রভু স্বর্গ থেকে নিচে
দৃষ্টিপাত করেন।
51আমার নগরের সমস্ত নারীর যে দশা আমি দেখি,
তা আমার প্রাণকে দুঃখ দেয়।

52যারা বিনা কারণে আমার শত্রু হয়েছিল,
তারা পাখির মতো আমাকে শিকার করেছে।
53তারা গর্তে ফেলে আমার প্রাণ শেষ করতে চেয়েছে,
তারা আমার দিকে পাথর ছুঁড়েছে;
54জলরাশি আমার মাথার উপরে উঠেছে,
এবং আমি ভেবেছিলাম, আমি প্রায় নিশ্চিহ্ন হতে চলেছি।

55গর্তের গভীর তলদেশ থেকে
হে সদাপ্রভু, আমি তোমার নামে ডেকেছি।
56তুমি আমার এই বিনতি শুনেছ: “উপশম লাভের জন্য আমার কান্নার প্রতি
তুমি তোমার কান রুদ্ধ কোরো না।”
57আমি তোমাকে ডাকলে তুমি নিকটে এলে,
আর তুমি বললে, “ভয় কোরো না।”

58হে সদাপ্রভু, তুমি আমার পক্ষ নিয়েছ;
তুমি আমার জীবন মুক্ত করেছ।
59হে সদাপ্রভু, আমার প্রতি যে অন্যায় করা হয়েছে,
তা তুমি দেখেছ।
আমার বিচার করে তুমি আমাকে নির্দোষ প্রতিপন্ন করো!
60তাদের প্রতিশোধ গ্রহণের গভীরতা,
আমার বিরুদ্ধে তাদের সব ষড়যন্ত্র তুমি দেখেছ।

61হে সদাপ্রভু, তুমি তাদের টিটকিরি,
আমার বিরুদ্ধে তাদের সব ষড়যন্ত্রের কথা শুনেছ,
62যা আমার শত্রুরা আমার বিরুদ্ধে
সারাদিন ফিসফিস ও বিড়বিড় করে বলে।
63ওদের দেখো! ওরা দাঁড়িয়ে থাকুক বা বসে থাকুক,
ওরা গান গেয়ে আমাকে ঠাট্টা-বিদ্রুপ করে।

64হে সদাপ্রভু, তাদের হস্তকৃত কাজের
যোগ্য প্রতিফল তাদের দাও।
65তাদের হৃদয়ের উপরে তুমি একটি আবরণ দাও,
তোমার অভিশাপ তাদের উপরে বর্তাক।
66সক্রোধে তাদের পিছনে তাড়া করো ও
সদাপ্রভুর স্বর্গের নিচে তাদের ধ্বংস করো।
Copyright information for BenBSS