‏ Proverbs 16

1মানুষ মনে মনে অনেক পরিকল্পনা করে,
কিন্তু জিভের সঠিক উত্তর সদাপ্রভুর কাছ থেকেই আসে।

2মানুষের সব পথ তাদের দৃষ্টিতে বিশুদ্ধ বলেই মনে হয়,
কিন্তু অভিসন্ধি সদাপ্রভুই মেপে রাখেন।

3তোমার কাজের ভার সদাপ্রভুর হাতে সমর্পণ করো,
ও তিনি তোমার পরিকল্পনাগুলি সফল করবেন।

4সদাপ্রভু সবকিছু সঠিক লক্ষ্য সামনে রেখেই করেন—
দুষ্টদের জন্যও বিপর্যয়ের দিন স্থির করে রাখেন।

5গর্বিতমনা সব লোককে সদাপ্রভু ঘৃণা করেন।
নিশ্চিত জেনে রাখো: তারা অদণ্ডিত থাকবে না।

6ভালোবাসা ও বিশ্বস্ততার মাধ্যমেই পাপের প্রায়শ্চিত্ত হয়;
সদাপ্রভুর ভয়ের মাধ্যমেই অমঙ্গল এড়ানো যায়।

7সদাপ্রভু যখন কোনও মানুষের জীবনযাত্রার ধরন দেখে খুশি হন,
তখন তিনি তাদের শত্রুদেরও তাদের সঙ্গে সন্ধি করতে বাধ্য করেন।

8অন্যায় পথে প্রচুর লাভ করার চেয়ে
ধার্মিকতার সঙ্গে সামান্য কিছু পাওয়া ভালো।

9মানুষ মনে মনে তাদের গতিপথের বিষয়ে পরিকল্পনা করে,
কিন্তু সদাপ্রভুই তাদের পদক্ষেপ স্থির করেন।

10রাজা ঠোঁট দিয়ে যা বলেন তা এক ঐশ্বরিক বাণীর সমতুল্য,
ও তাঁর মুখ সুবিচারের প্রতি বিশ্বাসঘাতকতা করে না।

11খাঁটি দাঁড়িপাল্লা ও নিক্তি সদাপ্রভুরই অধীনে থাকে;
থলির সব বাটখারা তাঁর দ্বারাই নির্মিত।

12রাজারা অন্যায়াচরণ ঘৃণা করেন,
কারণ ধার্মিকতা দ্বারাই সিংহাসন প্রতিষ্ঠিত হয়।

13সততাপরায়ণ ঠোঁট রাজাদের পক্ষে আনন্দজনক;
যে সঠিক কথাবার্তা বলে তারা তার কদর করেন।

14রাজার ক্রোধ এক মৃত্যুদূত,
কিন্তু জ্ঞানবান তা শান্ত করবে।

15যখন রাজার মুখমণ্ডল উজ্জ্বল হয়, তখন তার অর্থ জীবন;
তাঁর অনুগ্রহ বসন্তকালের সজল মেঘের মতো।

16সোনার চেয়ে প্রজ্ঞা লাভ করা কতই না ভালো,
রুপোর পরিবর্তে দূরদর্শিতা অর্জন করা শ্রেয়!

17ন্যায়পরায়ণদের রাজপথ অমঙ্গল এড়িয়ে যায়;
যারা তাদের জীবনযাত্রার ধরন সুরক্ষিত রাখে তারা তাদের প্রাণ বাঁচায়।

18অহংকার বিনাশের আগে আগে যায়,
পতনের সামনেই থাকে উদ্ধত মনোভাব।

19অহংকারীদের সঙ্গে লুন্ঠিত সামগ্রীর অংশীদার হওয়ার চেয়ে
নিপীড়িতদের সঙ্গে নম্র মনোভাবাপন্ন হয়ে থাকা ভালো।

20যে শিক্ষায় মনোযোগ দেয় সে উন্নতি লাভ করে,
অথবা, যে বিবেচনাপূর্বক কথা বলে তার মঙ্গল হয়

ও ধন্য সে, যে সদাপ্রভুতে নির্ভর করে।

21যারা অন্তরে জ্ঞানবান তারা বিচক্ষণ বলে পরিচিত হয়,
ও সহৃদয় কথাবার্তা শিক্ষাবর্ধন করে।
অথবা, সহৃদয় কথাবার্তা ব্যক্তিবিশেষকে প্রত্যয়ী করে তোলে

22বিচক্ষণদের কাছে বিচক্ষণতাই জীবনের উৎস,
কিন্তু মূর্খতা মূর্খদের কাছে দণ্ড এনে উপস্থিত করে।

23জ্ঞানবানদের অন্তর তাদের মুখগুলিকে বিচক্ষণ করে তোলে,
ও তাদের ঠোঁটগুলি শিক্ষাবর্ধন করে।
অথবা, ও তাদের ঠোঁটগুলিকে প্রত্যয়ী করে তোলে

24সহৃদয় কথাবার্তা মৌচাকের মতো,
তা প্রাণের পক্ষে মিষ্টিমধুর ও অস্থির পক্ষে আরোগ্যদায়ক।

25একটি পথ আছে যা সঠিক বলে মনে হয়,
কিন্তু শেষ পর্যন্ত তা মৃত্যুর দিকে নিয়ে যায়।

26শ্রমিকদের খোরাক তাদের হয়ে কাজ করে;
তাদের খিদেই তাদের চালিয়ে নিয়ে যায়।

27নীচমনা লোকেরা অনিষ্টের চক্রান্ত করে,
ও তাদের মুখে যেন জ্বলন্ত আগুন থাকে।

28বিকৃতমনা লোক বিবাদ বাধায়,
ও পরনিন্দা পরচর্চা ঘনিষ্ঠ বন্ধুদেরও বিচ্ছিন্ন করে দেয়।

29হিংসাত্মক লোকেরা তাদের প্রতিবেশীদের প্রলুব্ধ করে,
ও তাদের এমন এক পথে নিয়ে যায় যা ভালো নয়।

30যারা চোখ দিয়ে ইশারা করে তারা নষ্টামির চক্রান্ত করছে;
যারা তাদের ঠোঁট বাঁকায় তাদের মধ্যে ক্ষতিসাধনের প্রবণতা আছে।

31পাকা চুল প্রভার মুকুট;
ধার্মিকতার পথে চলেই তা অর্জন করা যায়।

32যোদ্ধার চেয়ে একজন ধৈর্যশীল মানুষ হওয়া ভালো,
যে নগর জয় করে তার চেয়ে আত্মসংযমী মানুষ হওয়া ভালো।

33গুটিকাপাতের দান কোলেই চালা হয়,
কিন্তু তার প্রত্যেকটি সিদ্ধান্ত আসে সদাপ্রভুর কাছ থেকেই।
Copyright information for BenBSS