‏ Proverbs 27

1আগামীকালের বিষয়ে গর্ব কোরো না,
কারণ একদিন কী নিয়ে আসবে তা তুমি জানো না।

2অন্য কেউ তোমার প্রশংসা করুক, ও তোমার নিজের মুখ তা না করুক;
একজন বহিরাগত মানুষই করুক, ও তোমার নিজের ঠোঁট তা না করুক।

3পাথর ভারী ও বালি এক বোঝা,
কিন্তু মূর্খের প্ররোচনা উভয়ের চেয়েও বেশি ভারী।

4ক্রোধ নিষ্ঠুর ও ক্ষিপ্ততা অপ্রতিরোধ্য,
কিন্তু ঈর্ষার সামনে কে দাঁড়াতে পারে?

5গুপ্ত ভালোবাসার চেয়ে
প্রকাশ্য ভর্ৎসনা ভালো।

6বন্ধুর আঘাতকে বিশ্বাস করা যায়,
কিন্তু শত্রু চুমুর সংখ্যা বৃদ্ধি করে।

7যার পেট ভরা আছে সে মৌচাকের মধু ঘৃণা করে,
কিন্তু ক্ষুধার্ত মানুষের কাছে তেতো জিনিসও মিষ্টি লাগে।

8যে ঘর ছেড়ে পালায় তার দশা
নীড় ছেড়ে উড়ে যাওয়া পাখির মতো।

9সুগন্ধি ও ধূপ হৃদয়ে আনন্দ নিয়ে আসে,
ও বন্ধুর মধুরতা
তাদের আন্তরিক পরামর্শ থেকে উৎপন্ন হয়।

10তোমার নিজের বন্ধুকে বা তোমার পারিবারিক বন্ধুকে পরিত্যাগ কোরো না,
ও যখন দুর্যোগ ঘনিয়ে আসে তখন তোমার আত্মীয়স্বজনের বাড়িতে যেয়ো না—
দূরবর্তী আত্মীয়ের চেয়ে নিকটবর্তী প্রতিবেশী ভালো।

11হে আমার বাছা, জ্ঞানবান হও, ও আমার হৃদয়কে আনন্দিত করে তোলো;
তবেই তো আমি তাকে উত্তর দিতে পারব যে আমাকে অবজ্ঞা করেছে।

12বিচক্ষণ মানুষেরা বিপদ দেখে কোথাও আশ্রয় নেয়,
কিন্তু অনভিজ্ঞ লোকেরা এগিয়ে যায় ও শাস্তি পায়।

13যে আগন্তুকের হয়ে জামিন রাখে তার কাপড়চোপড় নিয়ে নাও;
যদি কোনও বহিরাগতের জন্য তা করা হয়েছে তবে তা বন্ধক রেখে নাও।

14যদি কেউ ভোরবেলায় তাদের প্রতিবেশীকে জোর গলায় আশীর্বাদ করে,
তবে তা অভিশাপরূপেই গণ্য হবে।

15কলহপ্রিয়া স্ত্রী ঝড়বৃষ্টির দিনে
ফুটো ছাদ থেকে ফোঁটায় ফোঁটায় পড়া জলের মতো;
16তাকে সংযত করার অর্থ বাতাসকে সংযত করা
বা হাতের মুঠোয় তেল ধরে রাখা।

17লোহা যেভাবে লোহাকে শান দেয়,
মানুষও সেভাবে অন্যজনকে শান দেয়।

18যে ডুমুর গাছ পাহারা দেয় সে তার ফল খাবে,
যারা তাদের প্রভুকে রক্ষা করে তারা সম্মানিত হবে।

19জল যেভাবে মুখমণ্ডল প্রতিফলিত করে,
মানুষের জীবনও সেভাবে অন্তর প্রতিফলিত করে।
অথবা, অন্যেরাও সেভাবে তোমার কাছে তোমার হৃদয়কে প্রতিফলিত করে তোলে

20মৃত্যু ও বিনাশ
হিব্রু ভাষায়, আবাদ্দন
কখনোই তৃপ্ত হয় না,
ও মানুষের চোখও হয় না।

21রুপোর জন্য গলনপাত্র ও সোনার জন্য হাপর,
কিন্তু মানুষ তাদের প্রশংসা দ্বারাই প্রমাণিত হয়।

22তুমি যতই মূর্খকে হামানদিস্তায় ফেলে পেষাই করো,
মুষল দিয়ে শস্যমর্দন করার মতো তাদের পেষাই করো,
তুমি তাদের জীবন থেকে মূর্খতা দূর করতে পারবে না।

23তোমার মেষপালের দশা জানার বিষয়ে নিশ্চিত থেকো,
যত্নসহকারে তোমার পশুপালের প্রতি মনোযোগ দিয়ো;
24কারণ ধনসম্পত্তি চিরকাল স্থায়ী হয় না,
ও মুকুটও পুরুষানুক্রমে নিরাপদ থাকে না।
25যখন খড় সরিয়ে নেওয়া হবে ও নতুন চারা আবির্ভূত হবে
এবং পাহাড়ের গা থেকে ঘাস সংগ্রহ করা হবে,
26তখন মেষশাবকেরা তোমার পোশাকের জোগান দেবে,
ও ছাগলেরা ক্ষেতের দাম চোকাবে।
27তোমার পরিবারের লোকজনকে খাওয়ানোর জন্য
ও তোমার দাসীদের পুষ্টি জোগানোর জন্য তুমি যথেষ্ট পরিমাণ ছাগলের দুধ পাবে।
Copyright information for BenBSS