‏ Proverbs 4

যে কোনো মূল্যে প্রজ্ঞা লাভ করো

1হে আমার বাছারা, একজন বাবার উপদেশ শোনো;
মনোযোগ দাও ও বিচক্ষণতা লাভ করো।
2আমি তোমাদের নির্ভরযোগ্য শিক্ষা দিচ্ছি,
তাই আমার দেওয়া শিক্ষা পরিত্যাগ কোরো না।
3কারণ আমিও এক সময় আমার বাবার ছেলে ছিলাম,
তখনও সুকুমার ছিলাম, ও আমার মায়ের দ্বারা লালিত হয়েছিলাম।
4তখন বাবা আমাকে শিক্ষা দিয়েছিলেন, ও বলেছিলেন,
“সর্বান্তঃকরণে আমার বলা কথাগুলি ধরে রেখো;
আমার আদেশগুলি পালন কোরো, ও তুমি বেঁচে যাবে।
5প্রজ্ঞা অর্জন করো, বিচক্ষণতা অর্জন করো;
আমার কথাগুলি ভুলে যেয়ো না বা সেগুলি থেকে সরে যেয়ো না।
6প্রজ্ঞাকে পরিত্যাগ কোরো না, ও সে তোমাকে রক্ষা করবে;
তাকে ভালোবেসো, ও সে তোমাকে পাহারা দেবে।
7প্রজ্ঞার আরম্ভ এইরকম: প্রজ্ঞা অর্জন করো।
অথবা, প্রজ্ঞাই সর্বশ্রেষ্ঠ, তাই তা অর্জন করো

এর মূল্যরূপে তোমার যথাসর্বস্য দিতে হলেও,
অথবা, তুমি আর যা কিছু অর্জন করো না কেন,
বিচক্ষণতা অর্জন করো।
8তাকে লালনপালন করো, ও সে তোমাকে উন্নত করবে;
তাকে সাগ্রহে গ্রহণ করো, ও সে তোমাকে সম্মানিত করবে।
9সে তোমার মাথার শোভাবর্ধন করার জন্য এক ফুলমালা দেবে
ও তোমাকে চমৎকার এক মুকুট উপহার দেবে।”

10হে আমার বাছা, শোনো, আমি যা বলি তা গ্রহণ করো,
ও তোমার জীবনের আয়ু সুদীর্ঘ হবে।
11আমি তোমাকে প্রজ্ঞার পথের বিষয়ে শিক্ষা দিয়ে যাচ্ছি
ও সোজা পথে চালাচ্ছি।
12তুমি যখন চলবে, তোমার পদক্ষেপ ব্যাহত হবে না;
তুমি যখন দৌড়াবে, তখন হোঁচট খাবে না।
13উপদেশ ধরে রেখো, তা ছেড়ে দিয়ো না;
তা ভালোভাবে পাহারা দাও, কারণ তাই তোমার জীবন।
14দুষ্টদের পথে পা বাড়িয়ো না
বা অনিষ্টকারীদের পথে হেঁটো না।
15সে পথ এড়িয়ে চলো, সে পথে ভ্রমণ কোরো না;
সেখান থেকে ফিরে এসো ও নিজের পথে চলে যাও।
16কারণ অনিষ্ট না করা পর্যন্ত তারা বিশ্রাম নিতে পারে না;
কাউকে হোঁচট না খাওয়ানো পর্যন্ত তাদের চোখে ঘুম আসে না।
17তারা দুষ্টতার রুটি খায়
ও হিংস্রতার দ্রাক্ষারস পান করে।

18ধার্মিকদের পথ প্রভাতি সূর্যের মতো,
যা মধ্যাহ্ন পর্যন্ত ক্রমাগত উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হতেই থাকে।
19কিন্তু দুষ্টদের পথ ঘন অন্ধকারের মতো;
তারা জানেই না কীসে তারা হোঁচট খায়।

20হে আমার বাছা, আমি যা বলি তাতে মনোযোগ দাও;
আমার কথায় কর্ণপাত করো।
21সেগুলি তোমার দৃষ্টির অগোচর হতে দিয়ো না,
সেগুলি তোমার হৃদয়ে গেঁথে রাখো;
22কারণ যারা সেগুলি খুঁজে পায় তাদের পক্ষে সেগুলি জীবন
ও তাদের সারা শরীরের স্বাস্থ্যস্বরূপ।
23সর্বোপরি, তোমার হৃদয়কে পাহারা দিয়ে রাখো,
কারণ তুমি যাই কিছু করো না কেন, তা সেখান থেকেই প্রবাহিত হয়।
24তোমার মুখকে নষ্টামি-মুক্ত রাখো;
তোমার ঠোঁট থেকে নীতিভ্রষ্ট কথাবার্তা দূরে সরিয়ে রাখো।
25তোমার চোখ সোজা সামনে তাকিয়ে থাকুক;
স্থিরদৃষ্টিতে সরাসরি সামনের দিকে তাকাও।
26তোমার হাঁটা পথের দিকে সতর্ক নজর দাও
অথবা, তোমার পায়ের পথ সমান করো

ও তোমার সমস্ত পথে অবিচল হও।
27ডাইনে বা বাঁয়ে ফিরো না;
মন্দ থেকে তোমার পা দূরে সরিয়ে রাখো।
Copyright information for BenBSS