Proverbs 7
ব্যভিচারিণীর বিরুদ্ধে সাবধানবাণী
1হে আমার বাছা, আমার কথাগুলি মেনে চলোও তোমার অন্তরে আমার আদেশগুলি মজুত করে রাখো।
2আমার আদেশগুলি পালন করো ও তুমি বেঁচে থাকবে;
চোখের মণির মতো করে আমার শিক্ষামালা রক্ষা করো।
3তোমার আঙুলে সেগুলি বেঁধে রেখো;
তোমার হৃদয়-ফলকে সেগুলি লিখে রেখো।
4প্রজ্ঞাকে বলো, “তুমি আমার বোন,”
ও দূরদর্শিতাকে বলো, “তুমি আমার আত্মীয়।”
5তারা তোমাকে ব্যভিচারিণীর কাছ থেকে,
ও সম্মোহনী কথা বলা স্বৈরিণী নারীর কাছ থেকেও দূরে সরিয়ে রাখবে।
6আমার বাড়ির জানালায়
জাফরি দিয়ে আমি নিচের দিকে তাকালাম।
7অনভিজ্ঞ লোকদের দিকে আমার নজর গেল,
যুবকদের মধ্যে আমি লক্ষ্য করলাম,
এমন একজন যুবককে, যার কোনও বোধবুদ্ধি নেই।
8সে ওই মহিলার বাড়ির পাশের গলি দিয়ে যাচ্ছিল,
তার বাড়ির দিকেই হেঁটে যাচ্ছিল
9গোধূলিবেলায়, দিন যখন ঢলে পড়ছিল,
ও রাতের অন্ধকারও নেমে আসছিল।
10তখন একজন মহিলা তার সাথে দেখা করার জন্য বেরিয়ে এল,
সে এক বেশ্যার মতো পোশাক পরেছিল ও তার উদ্দেশ্য ধূর্ত ছিল।
11(সে অদম্য ও বেপরোয়া,
তার পা কখনও ঘরে থাকে না;
12সে কখনও রাস্তায় যায়, আবার কখনও চকে,
কোনায় কোনায় সে ওৎ পেতে থাকে)
13সে সেই যুবককে জড়িয়ে ধরে চুমু দিল
ও নির্লজ্জ মুখে বলল:
14“আজ আমি আমার ব্রত পূরণ করেছি,
ও ঘরে আমার মঙ্গলার্থক বলি থেকে খাবার সরিয়ে রেখেছি।
15তাই তোমার সাথে দেখা করার জন্য আমি বের হয়ে এসেছি;
আমি তোমার খোঁজ করেছিলাম ও তোমাকে খুঁজে পেয়েছি!
16আমার বিছানায় আমি
মিশর থেকে আনা রঙিন মসিনার চাদর পেতেছি।
17আমার বিছানাটি আমি
গন্ধরস, অগুরু ও দারুচিনি দিয়ে সুবাসিত করেছি।
18এসো, সকাল পর্যন্ত আমরা ভালোবাসার গভীর রসে মত্ত হই;
নিজেদের মধ্যে ভালোবাসা উপভোগ করি!
19আমার স্বামী ঘরে নেই;
সে দীর্ঘ যাত্রায় গিয়েছে।
20সে অর্থে ভরা থলি নিয়ে গিয়েছে
ও পূর্ণিমার আগে সে ঘরে ফিরছে না।”
21প্ররোচনামূলক কথা বলে সে যুবকটিকে বিপথে পরিচালিত করল;
সে তার স্নিগ্ধ কথাবার্তা দিয়ে তাকে প্রলুব্ধ করল।
22তখনই সে মহিলাটির অনুগামী হল
যেভাবে বলদ জবাই হওয়ার জন্য এগিয়ে যায়,
যেভাবে হরিণ ▼
▼হিব্রু ভাষায়, মূর্খ
ফাঁসে পা গলায়23যতক্ষণ না তির তার যকৃৎ বিদ্ধ করে,
ঠিক যেভাবে পাখি উড়ে গিয়ে ফাঁদে পড়ে,
আর জানতেও পারে না যে এতে তার প্রাণহানি হবে।
24তবে এখন, হে আমার বাছারা, আমার কথা শোনো;
আমি যা বলি তাতে মনোযোগ দাও।
25তোমাদের হৃদয় যেন সেই মহিলার পথের দিকে না ফেরে
বা পথভ্রষ্ট হয়ে তার পথে চলে না যায়।
26অনেকেই তার আঘাতের শিকার হয়েছে;
তার দ্বারা নিহত লোকের সংখ্যা প্রচুর।
27তার বাড়িটি হল কবরে যাওয়ার রাজপথ,
যা মৃত্যুলোকের দিকে এগিয়ে দেয়।
Copyright information for
BenBSS