Proverbs 20
1দ্রাক্ষারস বিদ্রুপকারী ও সুরা কলহকারী;যে এগুলির দ্বারা বিপথগামী হয় সে জ্ঞানবান নয়।
2রাজার ক্রোধ সিংহের গর্জনের মতো আতঙ্ক ছড়ায়;
যারা তাঁকে ক্রুদ্ধ করে তোলে তারা তাদের প্রাণ খোয়ায়।
3বিবাদ এড়িয়ে চলা মানুষের পক্ষে সম্মানজনক বিষয়,
কিন্তু মূর্খমাত্রই চট্জলদি বিবাদ করে ফেলে।
4অলসেরা যথাসময়ে লাঙ্গল চষে না;
অতএব ফসল কাটার সময় তারা চেয়ে দেখে কিন্তু কিছুই পায় না।
5মানুষের অন্তরের অভিপ্রায় গভীর জলরাশি,
কিন্তু যে বিচক্ষণ সেই তা তুলে আনে।
6অনেকেই দাবি করে যে তাদের ভালোবাসা অফুরান,
কিন্তু বিশ্বস্ত লোক কে খুঁজে পায়?
7ধার্মিকেরা অনিন্দনীয় জীবনযাপন করে;
তাদের পরে তাদের সন্তানেরাও আশীর্বাদধন্য হয়।
8রাজা যখন বিচার করার জন্য তাঁর সিংহাসনে বসেন,
তখন তিনি তাঁর চোখ দিয়ে সব অমঙ্গল উড়িয়ে দেন।
9কে বলতে পারে, “আমি আমার অন্তর বিশুদ্ধ রেখেছি;
আমি শুচিশুদ্ধ ও নিষ্পাপ”?
10বিসদৃশ বাটখারা ও বিসদৃশ মাপ—
সদাপ্রভু উভয়ই ঘৃণা করেন।
11ছোটো ছোটো ছেলেমেয়েরাও তাদের কাজকর্মের দ্বারা পরিচিত হয়,
তাই তাদের আচরণ কি সত্যিই বিশুদ্ধ ও ন্যায্য?
12যে কান শোনে ও যে চোখ দেখে—
সদাপ্রভু উভয়ই তৈরি করেছেন।
13ঘুম ভালোবেসো না পাছে তুমি দরিদ্র হয়ে যাও;
জেগে থাকো ও তোমার কাছে অতিরিক্ত খাদ্যদ্রব্য থাকবে।
14“এটি ভালো নয়, এটি ভালো নয়!” ক্রেতা বলে—
পরে ফিরে যায় ও সংগৃহীত বস্তুটি নিয়ে গর্ববোধ করে।
15সেখানে সোনা আছে, ও প্রচুর পরিমাণে মণিমুক্তো আছে,
কিন্তু যে ঠোঁট জ্ঞানের কথা বলে তা দুর্লভ এক রত্ন।
16যে এক আগন্তুকের জামিনদার হয়েছে তার পোশাকটি নিয়ে নাও;
তা যদি এক বহিরাগতের জন্য করা হয়েছে, তবে সেটি বন্ধকরূপে রেখে দাও।
17প্রতারণার দ্বারা অর্জিত খাদ্যদ্রব্য সুস্বাদু লাগে,
কিন্তু শেষ পর্যন্ত মানুষের মুখ কাঁকরে ভরে যায়।
18পরামর্শ খোঁজ করার দ্বারাই পরিকল্পনা সফল হয়;
অতএব তুমি যদি যুদ্ধ শুরু করেছ, তবে পরিচালনা লাভ করো।
19পরনিন্দা পরচর্চা আস্থা ভঙ্গ করে;
অতএব সেই লোককে এড়িয়ে চলো যে অতিরিক্ত কথাবার্তা বলে।
20যদি কেউ তাদের মা-বাবাকে অভিশাপ দেয়,
তবে ঘোর অন্ধকারে তাদের প্রদীপ নিভে যাবে।
21যে উত্তরাধিকার খুব তাড়াতাড়ি অর্জন করা যায়
তা শেষ পর্যন্ত আর আশীর্বাদধন্য হবে না।
22একথা বোলো না, “আমি এই অন্যায়ের প্রতিশোধ নেব!”
সদাপ্রভুর অপেক্ষা করো, ও তিনিই তোমার হয়ে প্রতিশোধ নেবেন।
23সদাপ্রভু বিসদৃশ বাটখারা ঘৃণা করেন,
ও অসাধু দাঁড়িপাল্লা তাঁকে সন্তুষ্ট করে না।
24মানুষের পদক্ষেপ সদাপ্রভু দ্বারাই পরিচালিত হয়।
তবে মানুষ কীভাবে তাদের নিজস্ব পথ বুঝতে পারবে?
25হঠাৎ করে কোনো কিছু উৎসর্গ করে
পরে নিজের করা প্রতিজ্ঞার বিষয়ে বিবেচনা করলে, তা এক ফাঁদ হয়ে দাঁড়ায়।
26জ্ঞানবান রাজা দুষ্টদের ঝেড়ে ফেলেন;
তিনি তাদের উপর দিয়ে শস্য মাড়াই কলের চাকা চালিয়ে দেন।
27মানবাত্মা সদাপ্রভুর সেই প্রদীপ
যা মানুষের অন্তরের অন্তস্থলে আলোকপাত করে।
28ভালোবাসা ও বিশ্বস্ততা রাজাকে নিরাপদ রাখে;
ভালোবাসার মাধ্যমেই তাঁর সিংহাসন দৃঢ় হয়।
29যুবকদের গৌরব হল তাদের শক্তি,
পাকা চুলই হল বৃদ্ধদের ঐশ্বর্য।
30আঘাত ও ক্ষত অনিষ্ট ধুয়ে দেয়,
ও মারধর অন্তরের অন্তস্থলকে বিশোধিত করে।
Copyright information for
BenBSS