Proverbs 21
1রাজার হৃদয় সদাপ্রভুর হাতে ধরা এমন এক জলপ্রবাহযা তিনি তাদের সবার দিকে প্রবাহিত হতে দেন যারা তাঁকে সন্তুষ্ট করে।
2মানুষ মনে করতে পারে যে তাদের পথই ঠিক,
কিন্তু সদাপ্রভুই অন্তর মাপেন।
3বলিদানের পরিবর্তে যা যথার্থ ও ন্যায্য, তা করাই
সদাপ্রভুর কাছে বেশি গ্রহণযোগ্য।
4উদ্ধত দৃষ্টি ও গর্বিত হৃদয়—
দুষ্টদের অকর্ষিত জমি—পাপ উৎপন্ন করে।
5পরিশ্রমীদের পরিকল্পনা লাভের মুখ দেখে
ঠিক যেভাবে হঠকারিতা দারিদ্র নিয়ে আসে।
6মিথ্যাবাদী জিভ দ্বারা যে প্রচুর ধন অর্জিত হয়
তা অস্থায়ী বাষ্প ও সাংঘাতিক ফাঁদবিশেষ। ▼
▼অথবা, যারা মৃত্যুর খোঁজ করে তা তাদের জন্য এক বাষ্পবিশেষ
7দুষ্টদের হিংস্রতা তাদেরই টেনে নিয়ে যাবে,
কারণ তারা যা ন্যায্য তা করতে অস্বীকার করে।
8অপরাধীদের পথ সর্পিল,
কিন্তু নিরপরাধ মানুষের আচরণ ন্যায়নিষ্ঠ।
9কলহপ্রিয়া স্ত্রীর সঙ্গে এক বাড়িতে থাকার চেয়ে
ছাদের এক কোনায় বসবাস করা ভালো।
10দুষ্টেরা অনিষ্টের আকাঙ্ক্ষা করে;
তাদের প্রতিবেশীরা তাদের কাছ থেকে কোনও দয়া পায় না।
11যখন বিদ্রুপকারী শাস্তি পায়, অনভিজ্ঞ লোকেরা জ্ঞানার্জন করে;
জ্ঞানবানদের প্রতি মনোযোগ দিয়ে তারা জ্ঞান লাভ করে।
12ধর্মময় জন ▼
▼অথবা, ধার্মিক লোক
দুষ্টদের বাড়ির দিকে নজর রাখেনও দুষ্টদের সর্বনাশ করেন।
13যারা দরিদ্রদের কান্না শুনেও কান বন্ধ করে রাখে
তারাও কাঁদবে ও কোনও উত্তর পাবে না।
14গোপনে দত্ত উপহার ক্রোধ প্রশমিত করে,
ও আলখাল্লার নিচে লুকিয়ে রাখা ঘুস প্রচণ্ড ক্রোধ শান্ত করে।
15যখন ন্যায়বিচার করা হয়, তা ধার্মিকদের জীবনে আনন্দ এনে দেয়
কিন্তু অনিষ্টকারীদের জীবনে আতঙ্ক জাগায়।
16যে দূরদর্শিতার পথ থেকে দূরে সরে যায়
সে মৃত মানুষদের সমাজে এসে বিশ্রাম নেয়।
17যে তুচ্ছ আমোদ-প্রমোদ ভালোবাসে সে দরিদ্র হয়ে যাবে;
যে দ্রাক্ষারস ও জলপাই তেল ভালোবাসে সে কখনও ধনবান হবে না।
18দুষ্টেরা ধার্মিকদের জন্য,
ও বিশ্বাসঘাতকেরা ন্যায়পরায়ণদের জন্য মুক্তিপণ হবে।
19কলহপ্রিয়া ও খুঁতখুঁতে স্ত্রীর সঙ্গে বসবাস করার চেয়ে
বরং মরুভূমিতে বসবাস করা ভালো।
20জ্ঞানবানেরা পছন্দসই খাদ্যদ্রব্য ও জলপাই তেল সঞ্চয় করে রাখে,
কিন্তু মূর্খেরা তাদের কাছে যা কিছু থাকে সেসব গ্রাস করে ফেলে।
21যে ধার্মিকতা ও ভালোবাসার পশ্চাদ্ধাবন করে
সে জীবন, সমৃদ্ধি ও সম্মান পায়।
22যে জ্ঞানবান সে বলশালীদের নগর আক্রমণ করতে পারে
ও সেই বলশালীরা যে দুর্গের উপরে নির্ভর করে থাকে, সেগুলিও চূর্ণ করে দিতে পারে।
23যারা তাদের মুখ ও জিভ সংযত রাখে
তারা নিজেদেরকে চরম দুর্দশা থেকে রক্ষা করে।
24অহংকারী ও দাম্ভিক মানুষ—তার নাম “বিদ্রুপকারী”—
অশিষ্ট উন্মত্ততাপূর্ণ আচরণ করে।
25অলসের তীব্র আকাঙ্ক্ষা তার মৃত্যু ডেকে আনে,
কারণ তার হাত দুটি কাজ করতে অস্বীকার করে।
26সারাটি দিন ধরে সে আরও বেশি কিছু পাওয়ার আকাঙ্ক্ষা করে,
কিন্তু ধার্মিকেরা অকাতরে দান করে।
27দুষ্টদের বলিদান ঘৃণার্হ—
মন্দ উদ্দেশ্য নিয়ে যখন তা আনা হয় তখন তা আরও কত না বেশি ঘৃণার্হ হয়ে যায়!
28মিথ্যাসাক্ষী ধ্বংস হয়ে যাবে,
কিন্তু মনোযোগী শ্রোতা সফলতাপূর্বক সাক্ষ্য দেবে।
29দুষ্টেরা দুঃসাহসিক ধৃষ্টতা খাড়া করে,
কিন্তু ন্যায়পরায়ণরা তাদের জীবনযাত্রার ধরনের কথা ভেবে চলে।
30এমন কোনও প্রজ্ঞা, দূরদর্শিতা বা পরিকল্পনা নেই
যা সদাপ্রভুর বিরুদ্ধে সফল হতে পারে।
31ঘোড়াকে যুদ্ধের দিনের জন্য তৈরি করে রাখা হয়।
কিন্তু বিজয় নির্ভর করে সদাপ্রভুর উপরে।
Copyright information for
BenBSS