‏ Proverbs 28

1কেউ পশ্চাদ্ধাবন না করলেও দুষ্টেরা পালায়,
কিন্তু ধার্মিকেরা সিংহের মতো সাহসী।

2কোনও দেশ যখন বিদ্রোহী হয়, তখন সেখানে বহু শাসক উৎপন্ন হয়,
কিন্তু বিচক্ষণতা ও জ্ঞানসম্পন্ন শাসক শৃঙ্খলা বজায় রাখেন।

3যে শাসক
অথবা, দরিদ্র ব্যক্তি
দরিদ্রদের নিগৃহীত করে
সে সেই প্রবল বৃষ্টিপাতের মতো যা কোনও শস্য বাদ দেয় না।

4যারা শিক্ষা পরিত্যাগ করে তারা দুষ্টদের প্রশংসা করে,
কিন্তু যারা তাতে মনোযোগ দেয় তারা তাদের প্রতিরোধ করে।

5অনিষ্টকারীরা যা উচিত তা বোঝে না,
কিন্তু যারা সদাপ্রভুর খোঁজ করে তারা তা পুরোপুরি বুঝতে পারে।

6যে ধনবানদের জীবনযাত্রার ধরন উচ্ছৃঙ্খল তাদের চেয়ে
সেই দরিদ্রেরা ভালো যাদের জীবনযাত্রার ধরন অনিন্দনীয়।

7বিচক্ষণ ছেলে শিক্ষায় মনোযোগ দেয়,
কিন্তু যে পেটুকদের সহচর সে তার বাবার মর্যাদাহানি করে।

8যে দরিদ্রদের কাছ থেকে সুদ নিয়ে বা লাভ করে সম্পত্তি বৃদ্ধি করে
সে অন্য এমন একজনের জন্য তা জমিয়ে রাখে যে দরিদ্রদের প্রতি দয়ালু হবে।

9যদি কেউ আমার দেওয়া শিক্ষার প্রতি কান বন্ধ করে রাখে,
তবে তাদের প্রার্থনাও ঘৃণার্হ।

10যারা ন্যায়পরায়ণদের কুপথে পরিচালিত করে
তারা নিজেদের ফাঁদেই গিয়ে পড়বে,
কিন্তু অনিন্দনীয়রা এক উপযুক্ত উত্তরাধিকার লাভ করবে।

11ধনবানেরা নিজেদের দৃষ্টিতেই জ্ঞানবান;
যারা দরিদ্র ও বিচক্ষণ তারা দেখতে পায় তারা কত বিভ্রান্ত।

12ধার্মিকেরা যখন বিজয়ী হয়, তখন মহোল্লাস হয়;
কিন্তু দুষ্টেরা যখন ক্ষমতাসীন হয়, তখন মানুষ আড়ালে গিয়ে লুকায়।

13যারা নিজেদের পাপগুলি লুকায় তারা উন্নতি লাভ করতে পারে না,
কিন্তু যারা সেগুলি স্বীকার ও ত্যাগ করে তারা দয়া লাভ করে।

14ধন্য তারাই যারা সবসময় ঈশ্বরের সামনে ভীত হয়,
কিন্তু যারা তাদের হৃদয় কঠোর করে তারা বিপদে পড়বে।

15অসহায় প্রজাদের উপর কর্তৃত্বকারী দুষ্ট শাসক
গর্জনকারী সিংহ বা আক্রমণকারী ভালুকের মতো।

16অত্যাচারী শাসক অবৈধ জুলুম চালায়,
কিন্তু যিনি অসৎ উপায়ে অর্জিত লাভ ঘৃণা করেন তিনি সুদীর্ঘকাল ধরে রাজত্ব করবেন।

17যে হত্যার অপরাধবোধ দ্বারা নির্যাতিত হয়
সে কবরে গিয়ে আশ্রয় নেয়;
যেন কেউ তাকে ধরতে না পারে।

18যার চলন অনিন্দনীয় সে সুরক্ষিত থাকে,
কিন্তু যার জীবনযাত্রার ধরন উচ্ছৃঙ্খল সে খাদে গিয়ে পড়বে।

19যারা নিজেদের জমি চাষ করে তারা প্রচুর খাদ্য পাবে,
কিন্তু যারা উদ্ভট কল্পনার পিছনে ছুটে বেড়ায় দারিদ্র তাদের সঙ্গী হয়।

20বিশ্বস্ত লোক প্রচুর আশীর্বাদ লাভ করবে,
কিন্তু যে ধনবান হওয়ার জন্য আগ্রহী হয় সে অদণ্ডিত থাকবে না।

21মুখাপেক্ষা করা ভালো নয়—
অথচ মানুষ এক টুকরো রুটির জন্যও অন্যায় করে।

22কৃপণেরা ধনসম্পত্তি অর্জনের জন্য আগ্রহী হয়
ও তারা জানেও না যে দারিদ্র তাদের জন্য অপেক্ষা করে আছে।

23যে জিভ দিয়ে চাটুকারিতা করে তার তুলনায় বরং
কোনো মানুষকে যে ভর্ৎসনা করে, শেষ পর্যন্ত সেই অনুগ্রহ লাভ করবে।

24যে মা-বাবার ধনসম্পদ চুরি করে
ও বলে, “এ তো অন্যায় নয়,”
সে তাদেরই অংশীদার, যারা ধ্বংসসাধন করে।

25লোভী মানুষেরা বিবাদ জাগিয়ে তোলে,
কিন্তু যারা সদাপ্রভুতে নির্ভর করে তারা উন্নতি লাভ করবে।

26যারা নিজেদের উপর নির্ভর করে তারা মূর্খ,
কিন্তু যারা জ্ঞানের পথে চলে তারা নিরাপদ থাকবে।

27যারা দরিদ্রদের দান করে তাদের কোনো কিছুর অভাব হয় না,
কিন্তু যারা তাদের দেখে চোখ বন্ধ করে থাকে তারা প্রচুর অভিশাপ কুড়ায়।

28দুষ্টেরা যখন ক্ষমতাসীন হয়, মানুষ তখন আড়ালে গিয়ে লুকায়,
কিন্তু দুষ্টেরা যখন বিনষ্ট হয়, তখন ধার্মিকেরা সমৃদ্ধশালী হয়।
Copyright information for BenBSS