‏ Psalms 110

দাউদের গীত।

1সদাপ্রভু আমার প্রভুকে বলেন:

“যতক্ষণ না আমি তোমার শত্রুদের,
তোমার পাদপীঠ করি
তুমি আমার ডানদিকে বসো।”

2সদাপ্রভু জেরুশালেম থেকে তোমার শক্তিশালী রাজ্য বিস্তার করবেন;
আর তুমি তোমার শত্রুদের উপর রাজত্ব করবে।
3যখন তুমি যুদ্ধে যাবে,
তোমার লোকেরা স্বেচ্ছায় তোমার সেবা করবে।
তুমি পবিত্র পোশাকে সজ্জিত হবে,
আর ভোরের শিশিরের মতো
তোমার শক্তি প্রতিদিন নতুন হবে।

4সদাপ্রভু শপথ করেছেন,
আর তিনি মন পরিবর্তন করবেন না:
“মল্কীষেদকের রীতি অনুযায়ী,
তুমি চিরকালীন যাজক।”

5প্রভু তোমার ডানদিকে আছেন;
তিনি তাঁর ক্রোধের দিনে রাজাদের চূর্ণ করবেন।
6তিনি জাতিদের বিচার করবেন, আর শবদেহ দিয়ে দেশ পূর্ণ করবেন,
এবং সমস্ত পৃথিবীর শাসকদের চূর্ণ করবেন।
7তিনি পথের মধ্যে স্রোতের জলপান করবেন,
এবং বিজয়ের কারণে তিনি ঊর্ধ্বে মাথা তুলবেন।
Copyright information for BenBSS