Psalms 115
1আমাদের নয়, হে সদাপ্রভু, আমাদের নয়,কিন্তু তোমারই নাম গৌরবান্বিত করো,
তোমার প্রেম ও বিশ্বস্ততার কারণে।
2জাতিরা কেন বলে,
“তাদের ঈশ্বর কোথায়?”
3আমাদের ঈশ্বর স্বর্গে আছেন;
তিনি তাঁর ইচ্ছামতোই কাজ করেন।
4কিন্তু তাদের প্রতিমাগুলি রুপো ও সোনা দিয়ে তৈরি,
মানুষের হাতে গড়া।
5তাদের মুখ আছে, কিন্তু তারা কথা বলতে পারে না,
চোখ আছে, কিন্তু তারা দেখতে পায় না।
6তাদের কান আছে, কিন্তু তারা শুনতে পায় না,
নাক আছে, কিন্তু তারা গন্ধ পায় না।
7হাত আছে, কিন্তু তারা অনুভব করতে পারে না,
পা আছে, কিন্তু তারা চলতে পারে না,
এমনকি তারা মুখ দিয়ে একটি শব্দও উচ্চারণ করতে পারে না।
8যারা প্রতিমা তৈরি করে তারা তাদের মতোই হবে,
আর যারা সেগুলির উপর আস্থা রাখে তারাও তেমনই হবে।
9হে ইস্রায়েল, সদাপ্রভুর উপর আস্থা রাখো—
তিনি তাদের সহায় ও ঢাল।
10হে হারোণের কুল, সদাপ্রভুর উপর আস্থা রাখো—
তিনি তাদের সহায় ও ঢাল।
11তোমরা যারা তাঁকে সম্ভ্রম করো, সদাপ্রভুর উপর আস্থা রাখো—
তিনি তাদের সহায় ও ঢাল।
12সদাপ্রভু আমাদের মনে রাখেন আর আমাদের আশীর্বাদ করবেন:
তিনি তাঁর ইস্রায়েল কুলকে আশীর্বাদ করবেন,
তিনি হারোণের কুলকে আশীর্বাদ করবেন,
13তিনি তাদের আশীর্বাদ করবেন যারা সদাপ্রভুকে সম্ভ্রম করে—
ক্ষুদ্র বা মহান সবাইকে করবেন।
14সদাপ্রভু তোমাদের সমৃদ্ধি করুন,
তোমাদের ও তোমাদের ছেলেমেয়েদের প্রতি।
15তোমরা সদাপ্রভুর আশীর্বাদপ্রাপ্ত,
তিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা।
16সর্বোচ্চ আকাশমণ্ডল সদাপ্রভুর,
কিন্তু তিনি এই পৃথিবী মানুষের হাতে তুলে দিয়েছেন।
17যারা মৃত, যারা নীরবতার স্থানে নেমেছে
তারা সদাপ্রভুর প্রশংসা করে না।
18কিন্তু আমরা সদাপ্রভুর উচ্চপ্রশংসা করব,
এখন ও অনন্তকাল পর্যন্ত।
সদাপ্রভুর প্রশংসা করো।
Copyright information for
BenBSS