‏ Psalms 12

প্রধান সংগীত পরিচালকের জন্য। শমীনীৎ
অজানা সংগীত জগতের শব্দ
অনুসারে। দাউদের গীত।

1হে সদাপ্রভু, সাহায্য করো, কারণ কেউ আর বিশ্বস্ত নয়;
যারা অনুগত তারা মানুষের মধ্য থেকে হারিয়ে গেছে।
2সবাই প্রতিবেশীদের কাছে মিথ্যা কথা বলে;
তাদের মুখ দিয়ে তারা তোষামোদ করে
কিন্তু হৃদয়ে প্রতারণা ধারণ করে।

3সদাপ্রভু সব তোষামোদকারীর মুখ নীরব করেন
এবং সব অহংকারী জিভ—
4যারা বলে,
“আমাদের জিভ দিয়েই আমাদের জয় হবে;
আমাদের মুখ আমাদের রক্ষা করবে—কে আমাদের উপর প্রভু হবে?”

5“দীনহীনদের লুটপাট করা হচ্ছে ও দরিদ্ররা আর্তনাদ করছে,
সেই কারণে আমি এবার জাগ্রত হব,” সদাপ্রভু বলেন।
“অনিষ্টকারীদের হাত থেকে আমি তাদের রক্ষা করব।”
6ধাতু গলাবার পাত্রে পরিষ্কৃত রুপোর মতো,
সাতবার শোধিত সোনার মতো,
সদাপ্রভুর বাক্যসকল নিখুঁত।

7হে সদাপ্রভু, তুমি দরিদ্রদের নিরাপদে রাখবে
এবং দুষ্টদের হাত থেকে চিরকাল আমাদের রক্ষা করবে,
8যদিও দুষ্টরা অবাধে ঘুরে বেড়ায়
এবং মানবজাতির মধ্যে অধর্মের প্রশংসা করা হয়।
Copyright information for BenBSS