Psalms 140
সংগীত পরিচালকের জন্য। দাউদের গীত। 1হে সদাপ্রভু, অনিষ্টকারীদের হাত থেকে আমাকে উদ্ধার করো;হিংস্র লোকদের কবল থেকে আমাকে বাঁচিয়ে রাখো,
2যারা অন্তরে অনিষ্টের পরিকল্পনা করে,
এবং প্রতিদিন যুদ্ধ প্ররোচিত করে,
3তারা সাপের মতো তাদের জিভ তীক্ষ্ণ করে;
কালসাপের বিষ তাদের মুখে।
4হে সদাপ্রভু, দুষ্টদের হাত থেকে আমাকে সুরক্ষিত রাখো;
দুরাচারীদের কবল থেকে আমাকে বাঁচিয়ে রাখো,
কারণ তারা আমার পতনের জন্য ষড়যন্ত্র করছে।
5অহংকারীরা আমার জন্য গোপনে জাল পেতেছে;
তারা সেই জালের দড়ি চারিদিকে বিছিয়েছে,
আমার চলার পথে তারা ফাঁদ পেতেছে।
6আমি সদাপ্রভুকে বলি, “তুমিই আমার ঈশ্বর।”
হে সদাপ্রভু, আমার বিনীত প্রার্থনা শোনো।
7হে সার্বভৌম সদাপ্রভু, আমার শক্তিশালী মুক্তিদাতা,
যুদ্ধের দিনে তুমি আমার মস্তক আচ্ছাদন করেছ।
8হে সদাপ্রভু, দুষ্টদের মনোবাসনা পূর্ণ হতে দিয়ো না;
তাদের সংকল্প সফল হতে দিয়ো না।
9আমার জন্য আমার শত্রুরা যে দুষ্ট সংকল্প করেছে
তা দিয়েই আমার শত্রুরা ধ্বংস হোক।
10জ্বলন্ত কয়লা তাদের উপর পড়ুক;
আগুনে নিক্ষিপ্ত হোক তারা,
নিক্ষিপ্ত হোক কর্দমাক্ত গর্তে, যেন আর উঠতে না পারে।
11নিন্দুকরা যেন দেশে প্রতিষ্ঠিত হতে না পারে;
দুর্ভোগ যেন বিনষ্টকারীদের তাড়া করে বেড়ায়।
12আমি জানি, সদাপ্রভু দরিদ্রদের পক্ষ অবশ্যই নেন
আর অভাবীদের প্রতি ন্যায়বিচার করেন।
13ধার্মিকেরা নিশ্চয়ই তোমার নামের প্রশংসা করবে,
এবং ন্যায়পরায়ণেরা তোমার সান্নিধ্যে বসবাস করবে।
Copyright information for
BenBSS