‏ Psalms 32

দাউদের গীত। মস্কীল
সম্ভবত সাহিত্য অথবা সংগীতের প্রতিশব্দ

1ধন্য সেই ব্যক্তি
যার অপরাধ ক্ষমা করা হয়েছে,
যার পাপ আচ্ছাদিত হয়েছে।
2ধন্য সেই ব্যক্তি
যার পাপ সদাপ্রভু তার বিরুদ্ধে গণ্য করেন না
এবং যার অন্তর ছলনাবিহীন।

3যখন আমি চুপ করেছিলাম,
আমার হাড়গোড় ক্ষয় হয়েছিল
এবং সারাদিন আমি আর্তনাদ করেছিলাম।
4কারণ দিনে এবং রাতে
তোমার শাসনের হাত আমার উপর দুর্বহ ছিল;
যেমন গ্রীষ্মের উত্তাপে জল শুকিয়ে যায়
তেমনই আমার শক্তি নিঃশেষ হয়েছিল।

5তখন আমি তোমার কাছে আমার পাপস্বীকার করলাম
আর আমার কোনও অপরাধ আমি গোপন করলাম না।
আমি বললাম, “সদাপ্রভুর কাছে আমার সব অপরাধ
আমি স্বীকার করব।”
আর তুমি আমার
পাপের দোষ ক্ষমা করলে।

6তাই সময় থাকতে
সব বিশ্বস্ত লোক তোমার কাছে প্রার্থনা করুক;
তারা যেন বিচারের বন্যার জলে
ডুবে না যায়।
7তুমি আমার আশ্রয়স্থল;
তুমি আমাকে বিপদ থেকে সুরক্ষিত করবে
এবং মুক্তির গানে আমাকে চারপাশে ঘিরে রাখবে।

8সদাপ্রভু বলেন, “আমি তোমাকে উপদেশ দেব এবং উপযুক্ত পথে চলতে তোমাকে শিক্ষা দেবো;
তোমার উপর প্রেমময় দৃষ্টি রেখে আমি তোমাকে পরামর্শ দেবো।
9তোমরা ঘোড়া বা খচ্চরের মতো হোয়ো না,
যাদের বোধশক্তি নেই
কিন্তু যাদের বল্গা ও লাগাম দিয়ে বশে রাখতে হয়,
নইলে তারা তোমার কাছে আসে না।”
10দুষ্টের অনেক দুর্দশা হয়,
কিন্তু সদাপ্রভুর অবিচল প্রেম
সেই ব্যক্তিকে ঘিরে রাখে যে তাঁর উপর নির্ভর করে।

11হে ধার্মিক, সদাপ্রভুতে আনন্দ করো ও উল্লাস করো;
তোমরা যারা অন্তরে ন্যায়পরায়ণ, আনন্দধ্বনি করো।
Copyright information for BenBSS