‏ Psalms 53

সংগীত পরিচালকের জন্য। মহলৎ
সম্ভবত সংগীতের প্রতিশব্দ
অনুসারে। দাউদের মস্কীল
সম্ভবত সাহিত্যের অথবা সংগীতের প্রতিশব্দ

1মূর্খ নিজের হৃদয়ে বলে,
“ঈশ্বর নেই।”
তারা দুর্নীতিগ্রস্ত, আর তাদের চলার পথ ভ্রষ্ট;
সৎকর্ম করে এমন কেউই নেই।

2ঈশ্বর স্বর্গ থেকে
মানবজাতির দিকে চেয়ে দেখেন,
তিনি দেখেন সুবিবেচক কেউ আছে কি না,
ঈশ্বরের অন্বেষণ করে এমন কেউ আছে কি না!
3প্রত্যেকে বিপথগামী হয়েছে, সকলেই দুর্নীতিগ্রস্ত হয়েছে;
সৎকর্ম করে এমন কেউই নেই,
একজনও নেই।

4এসব অনিষ্টকারীর কি কিছুই জ্ঞান নেই?

তারা আমার ভক্তদের রুটি খাওয়ার মতো গ্রাস করে;
ঈশ্বরের কাছে তারা কখনও সাহায্য প্রার্থনা করে না।
5নিদারুণ আতঙ্কে তারা বিহ্বল হয়েছে,
এমন আতঙ্ক যা তারা আগে জানেনি।
ঈশ্বর তোমার শত্রুদের হাড়গোড় চারিদিকে ছড়িয়ে দেবেন।
তুমি তাদের লজ্জিত করবে কারণ ঈশ্বর তাদের প্রত্যাখ্যান করেছেন।

6আহা, ইস্রায়েলের পরিত্রাণ আসবে সিয়োন থেকে!
যখন ঈশ্বর তাঁর ভক্তজনদের পুনরুদ্ধার করবেন,
তখন যাকোব উল্লসিত হবে আর ইস্রায়েল আনন্দ করবে।
Copyright information for BenBSS