‏ Psalms 98

একটি গীত।

1সদাপ্রভুর উদ্দেশে নতুন গান গাও,
কারণ তিনি অবিশ্বাস্য কাজ করেছেন;
তাঁর ডান হাত ও তাঁর পবিত্র বাহু
তাঁর পক্ষে পরিত্রাণ সাধন করেছেন।
2সদাপ্রভু তাঁর পরিত্রাণ ঘোষণা করেছেন
এবং তাঁর ধার্মিকতা জাতিদের কাছে প্রকাশ করেছেন।
3ইস্রায়েলের প্রতি তাঁর প্রেম
ও বিশ্বস্ততা তিনি স্মরণে রেখেছেন;
আমাদের ঈশ্বরের পরিত্রাণ
পৃথিবীর সমস্ত প্রান্ত প্রত্যক্ষ করেছে।

4সমস্ত পৃথিবী, সদাপ্রভুর উদ্দেশে জয়ধ্বনি করো,
প্রশংসায় মেতে ওঠো ও আনন্দগান করো;
5বীণা সহযোগে সদাপ্রভুর উদ্দেশে গান গাও,
বীণা সহযোগে ও গানের শব্দে,
6তূরীধ্বনির শব্দে এবং শিঙার সুদীর্ঘ শব্দে—
রাজা সদাপ্রভুর উদ্দেশে জয়ধ্বনি করো।

7সমুদ্র ও তার মধ্যে যা কিছু আছে গর্জন করুক,
পৃথিবী ও তাঁর মধ্যে যারা সবাই বসবাস করে।
8নদীরা হাততালি দিক,
পর্বতগুলি একসঙ্গে আনন্দগান করুক;
9সদাপ্রভুর সামনে তারা গান করুক;
কারণ তিনি জগতের বিচার করতে আসছেন।
তিনি ধার্মিকতায় এই পৃথিবী
এবং ন্যায়ে জাতিগণের বিচার করবেন।
Copyright information for BenBSS