‏ Psalms 103

দাউদের গীত।

1হে আমার প্রাণ, সদাপ্রভুর প্রশংসা করো;
হে আমার অন্তিম সত্তা, তাঁর পবিত্র নামের প্রশংসা করো।
2হে আমার প্রাণ, সদাপ্রভুর প্রশংসা করো,
এবং তাঁর সব উপকার ভুলে যেয়ো না—
3যিনি তোমার সমস্ত পাপ ক্ষমা করেন
আর তোমার সব রোগ ভালো করেন,
4যিনি তোমার জীবন মৃত্যু থেকে মুক্ত করেন
আর তোমাকে প্রেম ও করুণার মুকুটে ভূষিত করেন,
5তিনি উত্তম দ্রব্যে তোমার মনোবাসনা পূর্ণ করেন
যেন ঈগল পাখির মতো তোমার যৌবন নতুন হয়।

6সদাপ্রভু ধার্মিকতার কাজ করেন
আর পীড়িতদের পক্ষে ন্যায়বিচার করেন।

7তিনি মোশিকে জানিয়েছিলেন তাঁর পথগুলি,
ইস্রায়েলের লোকদের তাঁর কাজকর্ম:
8সদাপ্রভু কৃপাময় ও স্নেহশীল,
ক্রোধে ধীর, দয়াতে মহান।
9তিনি ক্রমাগত আমাদের অভিযুক্ত করবেন না,
তিনি চিরকাল তাঁর ক্রোধ মনে পুষে রাখবেন না;
10তিনি আমাদের প্রতি আমাদের পাপ অনুযায়ী আচরণ করেন না
অথবা আমাদের অপরাধ অনুযায়ী আমাদের প্রতিফল দেন না।
11কারণ জগতের ঊর্ধ্বে আকাশমণ্ডল যত উচ্চ,
যারা তাঁকে সম্ভ্রম করে তাদের প্রতি তাঁর প্রেম ততটাই মহান;
12পূর্ব থেকে পশ্চিম যত দূরে,
ততটাই আমাদের অপরাধ তিনি আমাদের থেকে দূর করেছেন।

13বাবা যেমন তার সন্তানসন্ততিদের প্রতি করুণা করেন,
যারা সদাপ্রভুকে সম্ভ্রম করে তিনি ততটাই তাদের প্রতি করুণা করেন;
14কারণ তিনি জানেন আমরা কীভাবে নির্মিত হয়েছি,
তিনি স্মরণে রাখেন যে আমরা কেবল ধুলো।
15মরণশীল মানুষের জীবন ঘাসের মতো,
মাঠের ফুলের মতো তারা ফুটে ওঠে;
16তাদের উপর দিয়ে বায়ু বয়ে যায় আর তারা নিশ্চিহ্ন হয়,
আর সেই স্থান তাদের আর মনে রাখে না।
17কিন্তু অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত
সদাপ্রভুর প্রেম তাদের সঙ্গে আছে যারা তাকে সম্ভ্রম করে,
এবং তাঁর ধার্মিকতা তাদের সন্তানসন্ততিদের প্রতি বর্তায়—
18তাদের প্রতি যারা তাঁর নিয়ম পালন করে
এবং তাঁর অনুশাসন পালন করার কথা মনে রাখে।

19সদাপ্রভু তাঁর সিংহাসন স্বর্গে প্রতিষ্ঠিত করেছেন,
আর তাঁর রাজ্য সবকিছুর উপরে শাসন করে।

20সদাপ্রভুর প্রশংসা করো, হে তাঁর দূতেরা,
তোমরা যারা পরাক্রমী তাঁর পরিকল্পনা সম্পন্ন করো,
তোমরা যারা তাঁর আদেশ পালন করো।
21সদাপ্রভুর প্রশংসা করো, হে তাঁর স্বর্গের সমস্ত বাহিনী,
তোমরা তাঁর সেবাকারী যারা তাঁর ইচ্ছা পূর্ণ করো।
22সদাপ্রভুর প্রশংসা করো, হে তাঁর সমস্ত সৃষ্টি,
তাঁর আধিপত্যের সমস্ত স্থানে।

হে আমার প্রাণ, সদাপ্রভুর প্রশংসা করো।
Copyright information for BenBSS