‏ Psalms 107

পঞ্চম খণ্ড

গীত 107–150

1সদাপ্রভুর উদ্দেশে ধন্যবাদ করো, কারণ তিনি মঙ্গলময়;
তাঁর দয়া অনন্তকালস্থায়ী।

2যারা সদাপ্রভু দ্বারা মুক্ত হয়েছে তারা একথা বলুক—
যাদের তিনি শত্রুদের হাত থেকে মুক্ত করেছেন,
3পূর্ব ও পশ্চিম থেকে, উত্তর ও দক্ষিণ থেকে,
যাদের তিনি অন্যান্য দেশ থেকে সংগ্রহ করেছেন।

4তারা বসবাস করার জন্য নগরের সন্ধান না পেয়ে
মরুপ্রান্তরের নির্জন পথে ঘুরে বেড়ালো।
5তারা ক্ষুধিত আর তৃষ্ণার্ত হল,
আর তাদের জীবন প্রায় শেষ হয়েছিল।
6তখন তাদের কষ্টে তারা সদাপ্রভুর কাছে কেঁদে উঠল,
এবং তিনি তাদের দুর্দশা থেকে উদ্ধার করলেন।
7সোজা পথে তিনি তাদের এক নগরীর দিকে এগিয়ে নিয়ে গেলেন
যেখানে তারা বসবাস করতে পারে।
8তাঁর অবিচল প্রেম এবং মানুষের প্রতি তাঁর আশ্চর্য কাজকর্মের জন্য,
তারা সদাপ্রভুকে ধন্যবাদ দিক।
9কেননা তিনি তৃষ্ণার্তকে তৃপ্ত করেন
এবং ক্ষুধার্তকে উত্তম দ্রব্য দিয়ে পূর্ণ করেন।

10লোকেরা অন্ধকারে আর মৃত্যুছায়ায় বসেছিল,
দুর্দশার লোহার শিকলে বন্দি ছিল,
11কারণ তারা ঈশ্বরের আদেশের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল
আর পরাৎপরের পরিকল্পনা অবমাননা করেছিল।
12তাই তিনি তাদের তিক্ত পরিশ্রমের অধীন করেছিলেন;
তাদের পতন হল, আর তাদের সাহায্য করার কেউ ছিল না।
13তখন তাদের কষ্টে তারা সদাপ্রভুর কাছে কেঁদে উঠল,
এবং তিনি তাদের দুর্দশা থেকে রক্ষা করলেন।
14তিনি অন্ধকার ও মৃত্যুছায়া থেকে তাদের বের করলেন,
এবং তাদের শিকল ভেঙে দিলেন।
15তাঁর অবিচল প্রেম এবং মানুষের প্রতি তাঁর আশ্চর্য কাজকর্মের জন্য,
তারা সদাপ্রভুকে ধন্যবাদ দিক,
16কারণ তিনি পিতলের দরজা ভেঙে দেন
এবং লোহার খিল দু-ভাগ করেন।

17কেউ কেউ তাদের বিদ্রোহী ব্যবহারে মূর্খ হয়ে উঠল
আর তাদের অপরাধের কারণে কষ্টভোগ করল।
18তারা খাদ্যদ্রব্য ঘৃণা করল
আর মৃত্যুর দরজা পর্যন্ত পৌঁছাল।
19তখন তাদের কষ্টে তারা সদাপ্রভুর কাছে কেঁদে উঠল,
এবং তিনি তাদের দুর্দশা থেকে রক্ষা করলেন।
20তিনি তাঁর বাক্য পাঠিয়ে তাদের সুস্থ করলেন;
তিনি মৃত্যুর কবল থেকে তাদের উদ্ধার করলেন।
21তাঁর অবিচল প্রেম এবং মানুষের প্রতি তাঁর আশ্চর্য কাজকর্মের জন্য,
তারা সদাপ্রভুকে ধন্যবাদ দিক।
22তারা ধন্যবাদের নৈবেদ্য উৎসর্গ করুক
এবং আনন্দের গানে তাঁর ক্রিয়াকলাপ বলুক।

23কেউ কেউ জাহাজে করে সমুদ্রযাত্রা করল;
তারা মহা জলধিতে ব্যবসা করল।
24তারা সদাপ্রভুর কাজগুলি দেখল,
গভীর জলরাশিতে তাঁর আশ্চর্য কাজগুলি দেখল।
25তিনি কথা বললেন আর প্রচণ্ড ঝড় উঠল
যা ঢেউ জাগিয়ে তুলল।
26যা আকাশমণ্ডল পর্যন্ত উঠল আর অতল পর্যন্ত নেমে এল;
বিপদে তাদের সাহস ক্ষয় হল।
27মাতালের মতো তারা ঘুরপাক খেলো আর টলতে থাকল;
তাদের বুদ্ধি বিলুপ্ত হল।
28তখন তাদের কষ্টে তারা সদাপ্রভুর কাছে কেঁদে উঠল,
এবং তিনি তাদের দুর্দশা থেকে রক্ষা করলেন।
29তাঁর আদেশে ঝড় শান্ত হল;
সমুদ্রের ঢেউ নিস্তব্ধ হল।
30যখন তা শান্ত হল তখন তারা আনন্দ করল,
এবং তিনি তাদের আশ্রয়স্থল পর্যন্ত পথ দেখালেন।
31তাঁর অবিচল প্রেম এবং মানুষের প্রতি তাঁর আশ্চর্য কাজকর্মের জন্য,
তারা সদাপ্রভুকে ধন্যবাদ দিক।
32তারা লোকেদের সমাবেশে তাঁকে গৌরবান্বিত করুক
এবং প্রবীণদের পরিষদে তাঁর প্রশংসা করুক।

33তিনি নদীকে মরুভূমিতে,
প্রবাহমান নদীকে শুষ্ক-ভূমিতে পরিণত করেন,
34আর ফলবান দেশকে লবণ প্রান্তর করেন,
সেখানকার নিবাসীদের দুষ্টতার কারণে।
35মরুভূমিকে তিনি জলাশয়ে
আর শুকনো জমিকে জলপ্রবাহে পরিণত করেন;
36সেখানে তিনি ক্ষুধার্তদের বসবাস করার জন্য নিয়ে এলেন,
এবং তারা এক নগর স্থাপন করল আর সেখানে তারা বসবাস করল।
37তারা মাঠে বীজবপন করল আর দ্রাক্ষাক্ষেত্র রোপণ করল
যা প্রচুর ফসল উৎপন্ন করল;
38তিনি তাদের আশীর্বাদ করলেন আর তাদের সংখ্যা প্রচুর বৃদ্ধি পেল,
আর তিনি তাদের পশুপাল কমতে দিলেন না।

39তারপর তাদের সংখ্যা হ্রাস পেল এবং নির্যাতন, বিপদ এবং দুঃখে
তারা অবনত হল;
40যিনি বিশিষ্টদের উপরে অবজ্ঞা ঢেলে দেন
তিনি তাদের দিশাহীন প্রান্তরে ভ্রমণ করালেন।
41কিন্তু তিনি অভাবীদের কষ্ট থেকে বের করলেন
আর তাদের পরিবারগুলিকে মেষপালের মতো বৃদ্ধি করলেন।
42যারা ন্যায়পরায়ণ তারা দেখে আর আনন্দ করে,
কিন্তু দুষ্টেরা সবাই তাদের মুখ বন্ধ করে।

43যে জ্ঞানী সে এই সবে মনোযোগ দিক
আর সদাপ্রভুর প্রেমময় কাজ বিবেচনা করুক।
Copyright information for BenBSS