‏ Psalms 146

1সদাপ্রভুর প্রশংসা করো।

হে আমার প্রাণ, সদাপ্রভুর প্রশংসা করো।

2আমি সারা জীবন সদাপ্রভুর প্রশংসা করব।
আমি যতদিন বাঁচব ততদিন আমার ঈশ্বরের প্রশংসা করব।
3তোমরা অধিপতিদের উপর আস্থা রেখো না,
মানুষের উপর রেখো না, যারা রক্ষা করতে পারে না।
4যখন তাদের প্রাণবায়ু বেরিয়ে যায় তখন তারা ধুলোতে ফিরে আসে,
সেই দিনই তাদের সব পরিকল্পনার অবসান ঘটে।
5ধন্য সেই ব্যক্তি, যার সহায় যাকোবের ঈশ্বর,
ঈশ্বর সদাপ্রভুতেই তার সব প্রত্যাশা।

6তিনি আকাশমণ্ডল ও পৃথিবী,
সাগর ও তাদের মধ্যে যা কিছু আছে, সমস্ত কিছুর সৃষ্টিকর্তা—
তিনি চিরকাল বিশ্বস্ত থাকেন।
7তিনি অত্যাচারিতদের পক্ষে ন্যায়বিচার করেন,
আর ক্ষুধার্তদের খাবার জোগান দেন।
সদাপ্রভু বন্দিদের মুক্ত করেন।
8সদাপ্রভু দৃষ্টিহীনকে দৃষ্টি দান করেন,
সদাপ্রভু অবনতদের উত্থাপন করেন,
সদাপ্রভু ধার্মিকদের প্রেম করেন।
9সদাপ্রভু বিদেশিদের রক্ষা করেন
অনাথ ও বিধবাদের তিনি বহন করেন,
কিন্তু তিনি দুষ্টদের সংকল্প ব্যর্থ করেন।

10সদাপ্রভু চিরকাল রাজত্ব করেন,
তোমার ঈশ্বর, হে সিয়োন, বংশানুক্রমে করেন।

সদাপ্রভুর প্রশংসা করো।
Copyright information for BenBSS