Psalms 15
দাউদের গীত। 1হে সদাপ্রভু, কে তোমার পবিত্র তাঁবুতে বসবাস করবে?তোমার পুণ্য পর্বতে কে বসবাস করবে?
2সেই করবে যে আচরণে নির্দোষ,
যে নিয়মিত সঠিক কাজ করে,
যে অন্তর থেকে সত্য কথা বলে;
3যার জিভ কোনও অপবাদ করে না,
প্রতিবেশীর প্রতি কোনও অন্যায় করে না,
এবং অপরের কোনও নিন্দা করে না;
4যে দুষ্ট ব্যক্তিকে অবজ্ঞা করে
কিন্তু তাদের শ্রদ্ধা করে যারা সদাপ্রভুকে সম্ভ্রম করে,
লোকসান হলেও সে প্রতিশ্রুতি রক্ষা করে,
এবং তার মন পরিবর্তন করে না;
5যে বিনা সুদে দরিদ্রদের অর্থ ধার দেয়;
যে নির্দোষের বিরুদ্ধে ঘুস নেয় না।
যে এসব করে
সে কখনোই বিচলিত হবে না।
Copyright information for
BenBSS