‏ Psalms 22

প্রধান সংগীত পরিচালকের জন্য। সুর: “প্রভাতের হরিণী।” দাউদের গীত।

1ঈশ্বর আমার, ঈশ্বর আমার, কেন তুমি আমাকে পরিত্যাগ করেছ?
আমাকে রক্ষা করা থেকে কেন দূরে আছ,
আমার বেদনার আর্তনাদ থেকে কেন অত দূরে?
2হে আমার ঈশ্বর, আমি দিনে তোমাকে ডাকি, কিন্তু তুমি উত্তর দাও না,
রাতেও ডাকি, কিন্তু কোনও অব্যাহতি পাই না।
অথবা রাতে, আমি চুপ করে থাকি না

3তথাপি তুমিই পবিত্র;
ইস্রায়েলের প্রশংসায় তুমিই অধিষ্ঠিত।
4আমাদের পূর্বপুরুষেরা তোমাতে আস্থা রেখেছিলেন;
তাঁরা আস্থা রেখেছিলেন, আর তুমি তাঁদের উদ্ধার করেছিলে।
5তোমার কাছেই তাঁরা কেঁদেছিলেন ও পরিত্রাণ পেয়েছিলেন;
তোমার উপরেই তাঁরা নির্ভর করেছিলেন আর তাঁরা লজ্জিত হননি।

6কিন্তু আমি মানুষ নই, একটি কীটমাত্র,
সব মানুষের কাছে আমি অবজ্ঞা ও ঘৃণার পাত্র।
7যারা আমায় দেখে, তারা উপহাস করে;
তারা অপমান করে, ও মাথা নেড়ে বলে,
8“সে সদাপ্রভুর উপর নির্ভর করে,
অতএব, সদাপ্রভুই তাকে রক্ষা করুন।
যদি সদাপ্রভু তাকে এতই ভালোবাসেন,
তবে তিনিই ওকে উদ্ধার করুন।”

9তবুও তুমি আমার মাতৃগর্ভ থেকে আমাকে নিরাপদে এনেছ;
এমনকি যখন আমি মায়ের বুকে ছিলাম,
তখন তুমি আমায় তোমার প্রতি বিশ্বাস করতে সাহায্য করেছ।
10জন্ম থেকে আমি তোমার হাতেই সমর্পিত হয়েছি;
মাতৃগর্ভ থেকেই তুমি আমার ঈশ্বর রয়েছ।

11আমার কাছ থেকে তুমি এত দূরে থেকো না,
কারণ বিপদ আসন্ন
আর কেউ আমাকে সাহায্য করার নেই।

12আমার শত্রুরা আমাকে বলদের পালের মতো ঘিরে ধরেছে;
বাশনের শক্তিশালী বলদগুলি আমার চারপাশে রয়েছে।
13গর্জনকারী সিংহ যেমন শিকার ছিঁড়ে খায়
তেমনই তারা আমার দিকে মুখ হাঁ করে রয়েছে।
14আমাকে জলের মতো ঢেলে দেওয়া হচ্ছে,
এবং আমার সব হাড় জোড়া থেকে খুলে যাচ্ছে।
আমার হৃদয় মোমের মতো;
যা আমার অন্তরে গলে গেছে।
15রোদে পোড়া মাটির মতো আমার শক্তি শুকিয়ে গেছে,
এবং আমার জিভ মুখের মধ্যে তালুতে লেগে রয়েছে;
তুমি আমাকে মৃত্যুর জন্য ধুলোতে শুইয়ে দিয়েছ।

16আমার শত্রুরা কুকুরের মতো আমাকে ঘিরে ধরেছে,
দুর্বৃত্তের দল চারিদিকে বেষ্টন করেছে,
ওরা আমার হাত ও পা বিদ্ধ করেছে।
17আমি আমার সব হাড় গুনতে পারি;
লোকেরা আমার দিকে দেখে ও কৌতুকের দৃষ্টিতে চেয়ে থাকে।
18তারা আমার পোশাক তাদের মধ্যে ভাগ করে নেয়
আর আমার আচ্ছাদনের জন্য গুটিকাপাতের দান ফেলে।

19কিন্তু তুমি, হে সদাপ্রভু, আমার কাছ থেকে দূরে থেকো না,
তুমি আমার শক্তি, আমাকে সাহায্য করতে তাড়াতাড়ি এসো।
20আমাকে তরোয়ালের আঘাত থেকে বাঁচাও,
এই কুকুরগুলির কবল থেকে আমার মূল্যবান জীবন উদ্ধার করো।
21সিংহের মুখ থেকে আমাকে উদ্ধার করো;
বন্য ষাঁড়ের শিং থেকে আমাকে রক্ষা করো।

22তোমার নাম আমি আমার লোকেদের কাছে প্রচার করব,
সভার মাঝে আমি তোমার জয়গান গাইব।
23তোমরা যারা সদাপ্রভুকে সম্ভ্রম করো, তাঁর প্রশংসা করো!
যাকোবের বংশধর সকল, তাঁর সম্মান করো!
ইস্রায়েলের বংশধর সকল, তাঁকে শ্রদ্ধা করো।
24কারণ তিনি পীড়িতদের যন্ত্রণা
অবজ্ঞা বা ঘৃণা করেননি;
তিনি তাদের কাছ থেকে তাঁর মুখ লুকাননি
কিন্তু তাদের সাহায্যের কান্না শুনেছেন।

25মহাসমাবেশে আমি তোমার প্রশংসা করব;
যারা তোমার আরাধনা করে তাদের উপস্থিতিতে আমি আমার শপথ পূরণ করব।
26যারা দরিদ্র তারা ভোজন করবে ও তৃপ্ত হবে;
যারা সদাপ্রভুর অন্বেষণ করে তারা তাঁর জয়গান করবে,
তাদের হৃদয় চিরস্থায়ী আনন্দে উল্লসিত হবে।

27পৃথিবীর সব প্রান্তের মানুষ
সদাপ্রভুকে স্মরণ করবে ও তাঁর দিকে ফিরবে,
এবং জাতিদের সব পরিবার
তাঁর সামনে নতজানু হবে,
28কারণ আধিপত্য সদাপ্রভুরই
আর তিনি জাতিদের উপর শাসন করেন।

29পৃথিবীর ধনীরা সবাই ভোজন করবে ও তাঁর আরাধনা করবে;
যাদের জীবন ধুলোতে শেষ হবে তারা সবাই তাঁর সামনে নতজানু হবে—
তারা যারা নিজেদের প্রাণ বাঁচিয়ে রাখতে পারে না।
30বংশধরেরা তাঁর সেবা করবে;
আগামী প্রজন্মকে বলা হবে সদাপ্রভুর কথা।
31তারা তাঁর ধার্মিকতা প্রচার করবে,
যারা অজাত তাদের উদ্দেশে ঘোষণা করা হবে:
তিনি এই কাজ করেছেন!
Copyright information for BenBSS