‏ Psalms 46

সংগীত পরিচালকের জন্য। কোরহ বংশের সন্তানদের গীত। অলামোৎ
সম্ভবত সংগীতের একটি প্রতিশব্দ
অনুসারে।

1ঈশ্বর আমাদের আশ্রয় ও বল,
সংকটকালে সদা উপস্থিত সহায়।
2অতএব আমরা ভয় করব না, যদিও পৃথিবী কম্পিত হয়
এবং সমুদ্রের বুকে পর্বতসকল পতিত হয়,
3যদিও সমুদ্র গর্জন করে ও প্রচণ্ড হয়,
এবং উথাল জলে পর্বতসকল কেঁপে উঠে।

4এক নদী আছে যার জলস্রোত ঈশ্বরের নগরীকে,
পরাৎপরের আবাসের পবিত্র স্থানকে আনন্দিত করে।
5ঈশ্বর সেই নগরীর মধ্যে আছেন, তার পতন হবে না;
দিনের শুরুতেই ঈশ্বর তাকে সাহায্য করবেন।
6জাতিরা বিশৃঙ্খলতায় পূর্ণ এবং তাদের রাজ্যগুলি পতিত হয়;
ঈশ্বরের কণ্ঠস্বর গর্জন করে এবং পৃথিবী গলে যায়!

7সর্বশক্তিমান সদাপ্রভু আমাদের সঙ্গে আছেন;
যাকোবের ঈশ্বর আমাদের উচ্চদুর্গ।

8এসো এবং দেখো, সদাপ্রভু কী করেন,
দেখো, কীভাবে তিনি এই জগতে ধ্বংস নিয়ে আসেন।
9তিনি পৃথিবীর প্রান্ত পর্যন্ত
যুদ্ধ বন্ধ করেন।
তিনি ধনুক ভেঙে দেন ও বর্শা চূর্ণ করেন;
তিনি ঢালগুলি আগুনে পুড়িয়ে দেন।
10তিনি বলেন, “শান্ত হও, আর জানো, আমিই ঈশ্বর;
সমস্ত জাতিতে আমি মহিমান্বিত হব,
সমস্ত পৃথিবীতে আমি মহিমান্বিত হব।”

11সর্বশক্তিমান সদাপ্রভু আমাদের সঙ্গে আছেন;
যাকোবের ঈশ্বর আমাদের উচ্চদুর্গ।
Copyright information for BenBSS