Psalms 56
সংগীত পরিচালকের জন্য। দাউদের মিকতাম ▼▼সম্ভবত সাহিত্যের বা সংগীতের প্রতিশব্দ
। সুর: “সুদূর ওক বৃক্ষের উপর ঘুঘু।” যখন ফিলিস্তিনীরা গাত নগরে দাউদকে বন্দি করেছিল। 1হে ঈশ্বর, আমার প্রতি কৃপা করো,কারণ আমার শত্রুরা আমার পশ্চাদ্ধাবন করে;
সারাদিন তারা তাদের আক্রমণ চালিয়ে যায়।
2আমার প্রতিপক্ষরা সারাদিন আমাকে অনুসরণ করে;
তাদের অহংকারে অনেকে আমাকে আক্রমণ করছে।
3যখন আমি ভীত, আমি তোমার উপর আস্থা রাখি।
4ঈশ্বরে, আমি যার বাক্যের প্রশংসা করি—
আমি ঈশ্বরে আস্থা রাখি এবং ভীত হই না।
সামান্য মানুষ আমার কী করতে পারে?
5সারাদিন তারা আমার কথা বিকৃত করে;
তাদের সমস্ত পরিকল্পনা আমার পক্ষে ক্ষতিসাধক।
6তারা ষড়যন্ত্র করে, তারা ওৎ পেতে থাকে,
আমার জীবন নেওয়ার জন্য,
তারা আমার পদক্ষেপের উপর লক্ষ্য রাখে।
7তাদের দুষ্টতার কারণে তাদের পালাতে দিয়ো না;
হে ঈশ্বর, তোমার ক্রোধে, এদের সবাইকে নিপাত করো।
8আমার বিলাপ লিপিবদ্ধ করে;
তোমার নথিতে আমার চোখের জলের হিসেব রাখো—
তা কি তোমার লিপিতে লেখা নেই?
9যখন আমি তোমার কাছে সাহায্যের প্রার্থনা করব
তখন আমার শত্রুরা পিছু ফিরবে।
এতে আমি জানব যে ঈশ্বর আমার পক্ষে আছেন।
10ঈশ্বরে, আমি যার বাক্যের প্রশংসা করি,
সদাপ্রভুতে, আমি যার বাক্যের প্রশংসা করি—
11ঈশ্বরে আমি আস্থা রাখি আর ভীত হই না।
মানুষ আমার কী করতে পারে?
12হে ঈশ্বর, তোমার প্রতি আমার শপথ পূর্ণ করতে আমি বাধ্য;
আমি তোমার কাছে ধন্যবাদের নৈবেদ্য নিবেদন করব।
13কারণ মৃত্যুর কবল থেকে তুমি আমাকে উদ্ধার করেছ
এবং হোঁচট খাওয়া থেকে আমার পা সাবধানে রেখেছ,
যেন জীবনের আলোতে
আমি ঈশ্বরের সামনে চলতে পারি।
Copyright information for
BenBSS