‏ Psalms 76

সংগীত পরিচালকের জন্য। তারযন্ত্র সহযোগে। আসফের গীত। একটি সংগীত।

1ঈশ্বর যিহূদাতে সুপরিচিত;
ইস্রায়েলে তাঁর নাম মহান।
2তাঁর তাঁবু শালেম নগরীতে আছে,
তাঁর বাসস্থান সিয়োনে।
3সেখানে তিনি শত্রুর জ্বলন্ত তির,
ঢাল, তরোয়াল, ও যুদ্ধের অস্ত্রশস্ত্র চূর্ণ করেছেন।

4চিরস্থায়ী পর্বতমালা থেকে
তুমি উজ্জ্বল এবং অতি মহিমান্বিত।
5সাহসী শত্রুরা লুন্ঠিত হয়েছে
তারা আমাদের সামনে মৃত্যুর ঘুমে আচ্ছন্ন।
কোনো যোদ্ধা আমাদের বিরুদ্ধে
হাত তুলতে পারেনি।
6হে যাকোবের ঈশ্বর, তোমার তিরস্কারে
ঘোড়া ও রথ, সবই অনড় হয়ে পড়ে আছে।

7শুধু তুমিই এর যোগ্য যে সকলে তোমাকে সম্ভ্রম করবে।
তুমি ক্রুদ্ধ হলে কে তোমার সামনে দাঁড়াতে পারে?
8স্বর্গ থেকে তুমি রায় ঘোষণা করেছ,
পৃথিবী কেঁপে উঠল আর নিঃশব্দে তোমার সামনে দাঁড়াল—
9যখন তুমি হে ঈশ্বর, অন্যায়কারীদের বিচার
ও জগতের নিপীড়িতদের উদ্ধার করার জন্য উঠে দাঁড়িয়েছ।
10নিশ্চয় মানুষের অবাধ্যতা তোমার মহিমা বৃদ্ধি করে
কেননা তুমি তা অস্ত্র হিসেবে ব্যবহার করো।

11তোমার ঈশ্বর সদাপ্রভুর কাছে শপথ করো ও তা পূর্ণ করো;
প্রতিবেশী দেশবাসীরা তাঁর কাছে উপহার নিয়ে আসুক
যিনি সকলের কাছে ভয়াবহ।
12তিনি শাসকদের আত্মা চূর্ণ করেন;
এবং পৃথিবীর রাজারা তাঁকে সম্ভ্রম করে।
Copyright information for BenBSS