‏ Exodus 20:12-26

12তোমার বাবাকে ও তোমার মাকে সম্মান কোরো, যেন তুমি সেই দেশে দীর্ঘকাল বেঁচে থাকতে পারো, যে দেশ তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে দিচ্ছেন।
13তুমি নরহত্যা কোরো না।
14তুমি ব্যভিচার কোরো না।
15তুমি চুরি কোরো না।
16তুমি তোমার প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়ো না।
17তুমি তোমার প্রতিবেশীর ঘরবাড়ির প্রতি লোভ কোরো না। তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর, বা তার দাস বা দাসীর, তার বলদের বা গাধার, বা তোমার প্রতিবেশীর অধিকারভুক্ত কোনো কিছুর প্রতি লোভ কোরো না।”

18যখন লোকেরা বজ্রপাত হতে ও বিদ্যুৎ চমকাতে দেখল এবং শিঙার শব্দ শুনল ও পর্বত ধোঁয়ায় ঢেকে যেতে দেখল, তখন তারা ভয়ে কেঁপে উঠল। তারা দূরে দাঁড়িয়ে পড়ল 19এবং মোশিকে বলল, “আপনি নিজেই আমাদের সঙ্গে কথা বলুন ও আমরা তা শুনব। কিন্তু ঈশ্বর যেন আমাদের সঙ্গে কথা না বলেন পাছে আমরা মারা যাই।”

20মোশি লোকদের বললেন, “ভয় পেয়ো না। ঈশ্বর তোমাদের পরীক্ষা করতে এসেছেন, যেন পাপ করা থেকে তোমাদের বিরত রাখার জন্য ঈশ্বরভয় তোমাদের সহবর্তী হয়।”

21লোকেরা দূরে দাঁড়িয়ে থাকল, আর মোশি সেই ঘন অন্ধকারের দিকে এগিয়ে গেলেন যেখানে ঈশ্বর উপস্থিত ছিলেন।

প্রতিমা এবং যজ্ঞবেদি

22তখন সদাপ্রভু মোশিকে বললেন, “ইস্রায়েলীদের একথা বলো: ‘তোমরা নিজেরাই দেখলে যে আমি স্বর্গ থেকে তোমাদের সঙ্গে কথা বলেছি: 23আমার পাশাপাশি রাখার জন্য অন্য কোনও দেবতা তৈরি কোরো না; নিজেদের জন্য রুপোর দেবতা বা সোনার দেবতা তৈরি কোরো না।

24“ ‘আমার জন্য মাটি দিয়ে একটি যজ্ঞবেদি তৈরি করো এবং সেটির উপর তোমাদের হোমবলি ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করো, মেষ ও ছাগল, ও তোমাদের গবাদি পশুপাল বলি দাও। আমি যেখানেই আমার নাম সম্মানিত করব, সেখানেই আমি তোমাদের কাছে আসব এবং তোমাদের আশীর্বাদ করব। 25তোমরা যদি আমার জন্য পাথরের এক যজ্ঞবেদি তৈরি করো, তবে খোদিত পাথর দিয়ে তা নির্মাণ কোরো না, কারণ যদি সেটিতে যন্ত্রপাতি ব্যবহার করো তবে তোমরা সেটি অশুচি করে তুলবে। 26আর সিঁড়ির ধাপ বেয়ে আমার যজ্ঞবেদিতে উঠো না, পাছে তোমাদের গোপনাঙ্গগুলি অনাবৃত হয়ে যায়।’

‏ Exodus 21:1-17

1“এগুলি সেই বিধিবিধান যা তোমাকে তাদের সামনে রাখতে হবে:

হিব্রু দাস

2“যদি তুমি কোনও হিব্রু দাসকে কিনে এনেছ, তবে সে ছয় বছর তোমার সেবা করুক। কিন্তু সপ্তম বছরে, সে স্বাধীন হয়ে চলে যাবে, তাকে কোনও অর্থ খরচ করতে হবে না। 3সে যদি একা এসেছে, তবে সে একাই স্বাধীন হয়ে চলে যাক; কিন্তু আসার সময় যদি তার স্ত্রী তার সঙ্গে ছিল, তবে সেও তার সঙ্গে যাক। 4তার মালিক যদি তাকে এক স্ত্রী দেন এবং সেই স্ত্রী তার জন্য ছেলে বা মেয়েদের জন্ম দেয়, তবে সেই মহিলা ও তার সন্তানেরা তার মালিকের অধিকারভুক্ত হবে, এবং শুধু সেই পুরুষটিই স্বাধীন হয়ে চলে যাবে।

5“কিন্তু সেই দাস যদি ঘোষণা করে, ‘আমি আমার মালিককে ও আমার স্ত্রী ও সন্তানদের ভালোবাসি এবং স্বাধীন হয়ে চলে যেতে চাই না,’ 6তবে তার মালিক অবশ্যই তাকে ঈশ্বরের
অথবা, বিচারকদের
সামনে নিয়ে যাবেন। মালিক তাকে দরজার কাছে বা দরজার চৌকাঠের কাছে নিয়ে যাবেন এবং একটি কাঁটা দিয়ে তার কান বিদীর্ণ করে দেবেন। তখন সে সারা জীবনের জন্য তাঁর দাস হয়ে যাবে।

7“যদি কোনও লোক তার মেয়েকে এক দাসীরূপে বিক্রি করে দেয়, তবে সে দাসের মতো স্বাধীন হয়ে চলে যেতে পারবে না। 8সে যদি তার সেই মালিককে সন্তুষ্ট করতে না পারে, যিনি তাকে নিজের জন্য পছন্দ করেছিলেন
অথবা, যে তাকে পছন্দ করেননি
, তবে তিনি যেন অবশ্যই তাকে মুক্ত করে দেন। তাকে বিদেশিদের কাছে বিক্রি করার তাঁর কোনও অধিকার নেই, কারণ তিনি তার প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন।
9সেই মালিক যদি তাকে নিজের ছেলের জন্য পছন্দ করেছেন, তবে তিনি যেন অবশ্যই তাকে এক মেয়ের অধিকার দেন। 10তিনি যদি অন্য কোনও মহিলাকে বিয়ে করেন, তবে তিনি যেন অবশ্যই প্রথমজনকে তার খাদ্য, বস্ত্র ও দাম্পত্য অধিকার থেকে বঞ্চিত না করেন। 11তিনি যদি তার প্রতি এই তিনটি কর্তব্য পালন না করেন, তবে সেই স্ত্রী কোনও অর্থ খরচ না করে, স্বাধীন হয়ে ফিরে যেতে পারবে।

ব্যক্তিগত জখম

12“যে কেউ অন্য কাউকে মারাত্মক এক ঘা দিয়ে জখম করে, তাকে মেরে ফেলতে হবে। 13অবশ্য, তা যদি ইচ্ছাকৃতভাবে করা না হয়, কিন্তু ঈশ্বরই তা হতে দিয়েছেন, তবে তাকে এমন এক স্থানে পালিয়ে যেতে হবে যা আমি নির্দিষ্ট করে দেব। 14কিন্তু কেউ যদি চক্রান্ত করে কাউকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, তবে সেই লোকটিকে আমার যজ্ঞবেদি থেকে সরিয়ে নিয়ে গিয়ে মেরে ফেলতে হবে।

15“যে কেউ তার বাবা বা মাকে আক্রমণ
অথবা, হত্যা
করে, তাকে মেরে ফেলতে হবে।

16“যে কেউ অন্য কাউকে অপহরণ করে সেই অপহৃত লোকটিকে বিক্রি করে দেয় বা তাকে নিজের দখলে রাখে, তবে সেই অপহরণকারীকে মেরে ফেলতে হবে।

17“যে কেউ তার বাবা বা মাকে অভিশাপ দেয়, তাকে মেরে ফেলতে হবে।
Copyright information for BenBSS