‏ Genesis 14:17-24

17অব্রাম কদর্লায়োমর ও তাঁর সঙ্গে জোট বাঁধা রাজাদের পরাজিত করে ফিরে আসার পর শাবী উপত্যকায় (অর্থাৎ, রাজার উপত্যকায়) সদোমের রাজা তাঁর সাথে দেখা করার জন্য বেরিয়ে এলেন।

18তখন শালেমের রাজা মল্কীষেদক রুটি ও দ্রাক্ষারস বের করে নিয়ে এলেন। তিনি পরাৎপর ঈশ্বরের যাজক ছিলেন। 19তিনি অব্রামকে আশীর্বাদ করে বললেন, “অব্রাম, স্বর্গ-মর্ত্যের সৃষ্টিকর্তা
পরাৎপর ঈশ্বরের আশীর্বাদধন্য হোন,
20আর সেই পরাৎপর ঈশ্বরের প্রশংসা হোক,
যিনি আপনার শত্রুদের আপনার হাতে সঁপে দিয়েছেন।”

পরে অব্রাম তাঁকে নিজের সবকিছুর দশমাংশ দিলেন।

21সদোমের রাজা অব্রামকে বললেন, “লোকজন আমাকে দিন ও সব জিনিসপত্র আপনি নিজের কাছে রেখে দিন।”

22কিন্তু অব্রাম সদোমের রাজাকে বললেন, “স্বর্গ-মর্ত্যের সৃষ্টিকর্তা পরাৎপর ঈশ্বর সেই সদাপ্রভুর উদ্দেশে হাত তুলে আমি শপথ করছি 23যে আপনার অধিকারে থাকা কোনো কিছুই আমি গ্রহণ করব না, এমনকি একটি সুতো বা চটিজুতোর একটি ফিতেও নয়, যেন আপনি কখনও বলতে না পারেন, ‘আমি অব্রামকে ধনবান করে তুলেছি।’ 24আমার লোকজন যা খেয়েছে ও যারা আমার সাথে গিয়েছিল—সেই আনের, ইষ্কোল ও মম্রির ভাগে যা পড়ে, সেটুকু ছাড়া আমি আর কিছুই গ্রহণ করব না। তারা তাদের ভাগ বুঝে নিক।”
Copyright information for BenBSS