Isaiah 51:17-23
সদাপ্রভুর ক্রোধের পানপাত্র
17জাগো, জাগো!ওহে জেরুশালেম, উঠে দাঁড়াও,
সদাপ্রভুর ক্রোধের পানপাত্র,
যারা তাঁর হাত থেকে পান করেছ,
যে পানপাত্র মানুষকে টলোমলো করে,
যারা তার তলানি পর্যন্ত চেটে খেয়েছ।
18তার জন্ম দেওয়া সব পুত্রের মধ্যে
কেউই তাকে পথ প্রদর্শন করেনি;
তার লালনপালন করা সব সন্তানের মধ্যে
কেউই তার হাত ধরে চালায়নি।
19এই দুই ধরনের দুর্যোগ তোমার উপরে এসে পড়েছে,
কে তোমাকে সান্ত্বনা দেবে?
ধ্বংস ও বিনাশ, দুর্ভিক্ষ ও তরোয়াল,
আমি কী করে তোমাকে আশ্বাস দিতে পারি?
20তোমার সন্তানেরা সব মূর্ছিত হয়েছে;
তারা প্রত্যেকটি পথের মাথায় মাথায় পড়ে আছে,
যেভাবে কোনো কৃষ্ণসার হরিণ জালে ধরা পড়ে।
তারা সদাপ্রভুর ক্রোধে,
তোমার ঈশ্বরের তিরস্কারে পূর্ণ।
21সেই কারণে, তোমরা যারা কষ্ট পেয়েছ, একথা শোনো,
তোমাকে মত্ত করা হয়েছে, কিন্তু দ্রাক্ষারসে নয়।
22তোমার সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন,
তোমার ঈশ্বর বলেন, যিনি তাঁর প্রজাদের পক্ষসমর্থন করেন:
“দেখো, আমি তোমার হাত থেকে ওই পানপাত্র ছিনিয়ে নিয়েছি,
যা পান করলে তুমি টলোমলো হও;
সেই পেয়ালা, যা আমার ক্রোধের বড়ো পানপাত্র,
তুমি আর কখনও তা পান করবে না।
23আমি তোমার অত্যাচারীদের হাতে তা দেব,
যারা তোমাকে বলেছিল,
‘উপুড় হয়ে পড়ো, যেন তোমাদের উপর দিয়ে আমরা হেঁটে যাই।’
আর তোমরা তোমাদের পিঠ ভূমির মতো,
পথিকদের কাছে সড়কের মতো করেছ।”
Copyright information for
BenBSS